সীমান্ত নিরাপত্তা গুরুত্ব দিয়ে টেকনাফে টেকসই বেড়িবাঁধ নির্মিত হবে : পানিসম্পদমন্ত্রী

 কক্সবাজার অফিস
কক্সবাজারের টেকনাফে নাফ নদীর তীর রক্ষায় সীমান্ত সুরক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পে দেশের সীমান্ত নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। গতকাল টেকনাফে নাফ নদীর তীরবর্তী বাঁধ ও পুনর্বাসন প্রকল্প এলাকা পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের এ কথা জানান।
পরিদর্শনকালে পানিসম্পদমন্ত্রী বলেন, ‘সীমান্ত সুরক্ষা বেড়িবাঁধ প্রকল্পটি এমনভাবে পুনর্গঠন ও বাস্তবায়ন করা হবে, যাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমানায় তাদের টহল কার্যক্রম স্বাচ্ছন্দ্যে ও জোরদারভাবে পরিচালনা করতে পারে।’ তিনি উল্লেখ করেন, নির্মিত সীমান্ত সড়কটি চোরাচালান প্রতিরোধ ও নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।
প্রকল্পের ধীরগতি ও ত্রুটি তুলে ধরে মন্ত্রী আরো বলেন, ‘প্রকল্পের মূল স্ট্রাকচার ও কারিগরি সমীক্ষা সঠিক না হওয়ায় দীর্ঘ এক দশকেও টেকনাফের মানুষ এর কাক্সিক্ষত সুফল পায়নি। দেশের স্বার্থ ও জনস্বার্থকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, বন্যা নিয়ন্ত্রণ ও নদী খননসহ সব সুবিধা বিবেচনায় নিয়ে নতুন করে প্রকল্পের কাজ শুরু করা হবে।’
প্রকল্প এলাকায় স্লুইস গেট নির্মাণ করা হবে নাকি ব্রিজ বসানো হবে- তা স্থানীয় বাসিন্দাদের মতামত ও সুবিধা বিবেচনা করে নতুনভাবে নির্ধারণ করা হবে বলে জানান মন্ত্রী। এ লক্ষ্যে দ্রুতই ঢাকা থেকে একটি বিশেষজ্ঞ কারিগরি দল এলাকায় এসে সরেজমিন পর্যালোচনা চালাবে। প্রয়োজনীয় কারিগরি সমীক্ষা ও যাচাই-বাছাইয়ের পরেই মূল নির্মাণকাজে হাত দেয়া হবে।
গতকাল মন্ত্রী উখিয়া-টেকনাফের নাফ নদীসংলগ্ন পোল্ডার ৬৭/এ, ৬৭/বি ও ৬৮-এর অধীনে বাস্তবায়নাধীন পুনর্বাসন প্রকল্পের কাজ ঘুরে দেখেন।

Advertisement