
পাকিস্তানের কোয়েটায় সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। যান্ত্রিক ত্রুটির কারণে সোমবার দুপুরে নওয়ান কিল্লি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাকিস্তানের পুরোনো ইংরেজি দৈনিক দ্য ডন সোমবার (১২ অক্টোবর) জানায়, দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। এতে বলা হয়, পাকিস্তান সেনাবাহিনীর এভিয়েশনের একটি মুশশাক প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়। নিহত দুই পাইলট হলেন প্রশিক্ষক মেজর হুসনাইন শেহজাদ হুমায়ুন এবং প্রশিক্ষণার্থী ক্যাপ্টেন আবদুল সামাদ।
দুই পাইলটের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তানের (এপিপি) খবরে বলা হয়, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও দুই পাইলটের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
পাকিস্তানে সাম্প্রতিক বছরগুলোতে সামরিক বিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার একাধিক ঘটনা ঘটেছে। চলতি বছরের জুনে যান্ত্রিক ত্রুটির কারণে মুজাফফরাবাদের কাছে উড্ডয়নের সময় পাকিস্তান সেনাবাহিনীর এভিয়েশনের একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে আরোহী সবাই নিহত হন। একই মাসে মারদানে নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নের সময় পাকিস্তান বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হলে এর দুই পাইলটই নিহত হন।
গত বছরের সেপ্টেম্বরে দিয়ামের জেলার চিলাস শহরে যান্ত্রিক ত্রুটির কারণে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় পাঁচজন ক্রু সদস্যের সবাই নিহত হন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








