বান্দরবানের বিভিন্ন এলাকা পরিদর্শন পার্বত্যমন্ত্রীর

 বান্দরবান প্রতিনিধি 

Advertisement

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী বান্দরবানে সম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও অবকাঠামো দ্রুত মেরামতে পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন। সেই সাথে বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদেরও নির্দেশ দিয়েছেন।
গতকাল সকালে বান্দরবান পৌরসভার আওতাধীন বন্যায় ক্ষতিগ্রস্ত ৯টি গুরুত্বপূর্ণ সড়ক ও অবকাঠামো সরেজমিনে পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন। এ সময় তার সাথে জেলা প্রশাসক সানিউল ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক এস এম মনজুরুল হক, উন্নয়ন বোর্ড বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াসিন আরাফাতসহ জেলা প্রশাসনের  কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
পরিদর্শনকালে মন্ত্রী বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত সড়কের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে তাদের ভোগান্তির বিষয়গুলো সম্পর্কে খোঁজখবর নেন।
তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় পৌর এলাকার বিভিন্ন সড়ক ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। জনদুর্ভোগ কমাতে এবং স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা দ্রুত পুনঃস্থাপনের লক্ষ্যে প্রয়োজনীয় মেরামত ও পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করতে হবে।
মন্ত্রী আরো বলেন, ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কার ও টেকসই অবকাঠামো নির্মাণে সংশ্লিষ্ট দফতরগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগেও জনসাধারণের দুর্ভোগ কমে আসে।