
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামে ঘুষ গ্রহণকালে সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো: তানজির আহমেদ পাহাড়তলী সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দুই লাখ টাকা ঘুষ গ্রহণকালে সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশকে হাতেনাতে আটকের কথা জানান।
দুদক জানায়, একজন আইনজীবী তার মক্কেলের দু’টি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দাখিল করেন। দলিলে কোনো ত্রুটি না থাকা সত্ত্বেও সাব-রেজিস্ট্রার তা আটকে রেখে সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম দলিল দু’টি রেজিস্ট্রির জন্য দুই লাখ টাকা ঘুষ দাবি করেন।
এ ঘটনায় ভুক্তভোগী আইনজীবী দুদকের হটলাইন ১০৬-এ অভিযোগ করেন এবং পরবর্তীতে দুদক, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এ লিখিত আবেদন করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশনের অনুমোদনক্রমে গতকাল মঙ্গলবার দুদক, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর একটি ‘ট্র্যাপ টিম’ পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে অভিযান পরিচালনা করে। এ সময় দুই লাখ টাকা ঘুষ গ্রহণকালে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে সূত্র জানায়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








