
সিলেট ব্যুরো
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, চা শ্রমিকেরা যাতে স্বাভাবিক ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারেন, সে অনুযায়ী মজুরি নিশ্চিত করা প্রয়োজন। একই সাথে চা বাগানগুলোকে লাভজনক ও টেকসই করতে সরকার কাজ করছে। গতকাল সিলেটের লাক্কাতুরা চা বাগান মাঠে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
চা শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবির বিষয়ে মন্ত্রী বলেন, অনেক চা বাগান দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটে থাকলেও সরকার বাগানগুলোর স্থায়িত্ব ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। বাগানের আয় বাড়াতে চা গাছের ক্ষতি না করে সৌরবিদ্যুৎ উৎপাদন, মসলা ও টিম্বার চাষের উদ্যোগ নেয়া হবে। পাশাপাশি চা বাগান এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট ও প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করার পদক্ষেপ নেয়া হচ্ছে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে তিনি জানান, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে এই সমন্বয় করতে হয়েছে। তেলের দাম বৃদ্ধির অজুহাতে কোনো অসাধু ব্যবসায়ী যেন নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়াতে না পারে, সে জন্য বাজার মনিটরিং ও সরবরাহ শৃঙ্খলা স্বাভাবিক রাখার ওপর জোর দেয়া হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় তেল পাচারের কোনো সুযোগ নেই বলেও জানান তিনি।
সরকারি কর্মচারীদের বেতন ধাপে ধাপে বৃদ্ধির সিদ্ধান্তের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, একবারে বড় বৃদ্ধির ফলে মূল্যস্ফীতিতে যেন চাপ না পড়ে, তা বিবেচনা করা হচ্ছে। বেসরকারি খাতে বাজারের চাহিদা অনুযায়ী মালিকপক্ষ মজুরি নির্ধারণ করে থাকে।
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আলমামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম ও মহানগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








