
মো: আবিদ হোসেন খান, এফসিএ, এফএফএ, এফআইপিএ এবং সাবেক সিনিয়র জেলা জজ নুরুন নাহার ওসমানী বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি এর পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে যোগদান করেছেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্প্রতি এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে।
মো: আবিদ হোসেন খান, এফসিএ একজন অভিজ্ঞ অর্থ ও আর্থিক ব্যবস্থাপনা পেশাজীবী এবং ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তার ২০ বছরেরও বেশি পোস্ট-কোয়ালিফিকেশন অভিজ্ঞতা রয়েছে আর্থিক ব্যবস্থাপনা, কন্ট্রোলারশিপ, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিস, কর ব্যবস্থাপনা, ট্রেজারি, ব্যবসায়িক কর্মদক্ষতা ব্যবস্থাপনা এবং করপোরেট গভর্ন্যান্সে। কর্মজীবনে তিনি গ্রামীণফোন, বাংলালিংক, এসটিএস গ্রুপ এবং ঢাকা স্টক এক্সচেঞ্জসহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ অর্থ ও নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন। রাজস্ব ও করনীতি বিষয়ে তার উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা ও নিবন্ধ বিভিন্ন অ্যাকাডেমিক জার্নাল এবং জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে।
নুরুন নাহার ওসমানী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮১ সালে এলএলবি (সম্মান) এবং ১৯৮৩ সালে এলএলএম ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ বিচার বিভাগে ১৯৮৩ সালে যোগদান করেন এবং সুদীর্ঘ ৩৩ বছর বিচারিক দায়িত্ব পালনের পর ২০১৬ সালে সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে অবসর গ্রহণ করেন। বিচারক হিসেবে তিনি সর্বশেষ শ্রম আপিল ট্রাইব্যুনালে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত জাতীয় মানবাধিকার কমিশন, বাংলাদেশের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। এ ছাড়া ওসমানী ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ উইমেন জাজেস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি।







