গাজীপুরে পোশাক কারখানায় বিক্ষোভ, সড়ক অবরোধ

গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে একটি পোশাক কারখানার কয়েক ’শ শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এ সময় শ্রমিকরা কারখানার সামনের সড়কে টায়ারে আগুন জা¦লিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে। গতকাল সোমবার  সকাল থেকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর (আমবাগ) এলাকার হানি ওয়েল গার্মেন্টস লিমিটেড কারখানায়  এ ঘটনা ঘটে। শ্রমিক, মালিক ও পুলিশের  ত্রিপক্ষীয় চেষ্টায় বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।  
কারখানার একটি সূত্র জানিয়েছে , আগস্ট ২০২৬ মাসের বেতন গত ১০ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করার কথা থাকলেও তা পরিশোধ করা সম্ভব হয়নি। এ কারণে কর্তৃপক্ষ ১২ ও ১৩ সেপ্টেম্বর দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করে। পরে ১৪, ১৫, ১৬ ও ১৭ সেপ্টেম্বর এবং ১৯ ও ২০ সেপ্টেম্বর ধাপে ধাপে ছুটি বাড়ানো হয়। সর্বশেষ ২১ ও ২২ সেপ্টেম্বরও দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
গতকাল সকালে ছুটি থাকা সত্ত্বেও শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ শুরু করেন। তাদের অবস্থানের কারণে আমবাগ এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে  আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
বিক্ষোভরত  শ্রমিকেরা জানায় , গত ১১ মাস ধরে আমাদের বেতন অনিয়মিতভাবে পরিশোধ করা হচ্ছে।  চলতি মাসের ১০ তারিখে বেতন দেয়ার কথা ছিল। কিন্তু মালিকপক্ষ বেতন না দিয়ে কারখানার সামনে সাধারণ ছুটির নোটিশ টানিয়ে দিয়েছে।  বর্তমানে রানিং মাসসহ দুই মাসের বেতন বকেয়া আছে। 
শ্রমিকরা আরো জানায়, গত আগস্ট মাসের বেতন এখনো পাইনি। চলতি মাসের ১০ তারিখ গত মাসের বেতন দেয়ার কথা ছিল। ১০ তারিখ ডিউটি করে ছুটি দিয়ে বেতন দেবো বলেছিল। আজ ২১ তারিখ এখনো বেতন দেয়নি। শুধু এসএমএস ম্যাসেজ দেয় সাময়িক সময়ের জন্য অফিস বন্ধ। কিন্তু বেতন দেয়ার কোনো কথা বলে না। বেতন না দেয়ায় আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছি না। বেতন না দিলে আমরা কিভাবে চলব? অন্য কারখানায় গিয়ে চাকরি নেবো- সেই ফিঙ্গারটাও বন্ধ করে দিয়েছে। সরাসরি মালিকের সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম নাই আমাদের। আমরা গেটের সামনে অবস্থান নিয়েছি । 
প্রায় ৫০০  শ্রমিক কারখানার সামনে অবস্থান নিয়ে তাদের বকেয়া বেতন দ্রুত পরিশোধ করার দাবি জানান। নির্ধারিত সময় পার হয়ে গেলেও বেতন পরিশোধ না করায় তারা চরম আর্থিক সঙ্কটে পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ,  কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
 গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন জানান, মালিকপক্ষের সাথে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। 
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, গত দুই মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা ফিডার রোড অবরোধ করে বিক্ষোভ করে। মালিকপক্ষের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।