এক অতিরিক্ত ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
কর্মস্থলে বিনা অনুমতিতে দীর্ঘ দিন অনুপস্থিত থাকা, ছুটি শেষে কর্মস্থলে যোগ না দেয়া এবং কর্তৃপক্ষের বারবার যোগাযোগের চেষ্টার পরও সাড়া না দেয়ায় এক অতিরিক্ত ডিআইজিসহ ছয়জন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। তারা হলেন- মোহাম্মদ জায়েদুল আলম, মো: আসাদুজ্জামান, আরিফুর রহমান মণ্ডল, রাজীব দাস, মোহাম্মদ ছানোয়ার হোসেন ও পলাশ রঞ্জন দে। 
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে অসদাচরণ ও পালানোর অভিযোগ প্রমাণ হওয়ায় এ প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে একজন অতিরিক্ত ডিআইজি ছাড়াও চারজন পুলিশ সুপার (এসপি) এবং দু’জন অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) রয়েছেন। 
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আনা পলায়ন ও অসদাচরণের অভিযোগ তদন্তে সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শক্রমে রাষ্ট্রপতি তাদের বরখাস্তের অনুমোদন দিয়েছেন। 
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের সাবেক অতিরিক্ত ডিআইজি এবং পরবর্তী সময়ে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মোহাম্মদ জায়েদুল আলম ২০২৪ সালের ৪ নভেম্বর থেকে কোনো ধরনের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তার সাথে ই-মেইল ও হোয়াটসঅ্যাপে বারবার যোগাযোগ করা হলেও তিনি কর্মস্থলে যোগ দেননি। 
এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। তদন্ত শেষে তার বিরুদ্ধে পালানোর অভিযোগ প্রমাণ হওয়ায় ২০২৪ সালের ৪ নভেম্বর থেকে তার বরখাস্তের আদেশ কার্যকর করা হয়েছে। 
এ ছাড়া ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার এবং পরবর্তী সময়ে সারদা পুলিশ অ্যাকাডেমিতে সংযুক্ত মো: আসাদুজ্জামান ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর সারদায় যোগ দেন। এরপর ১৭ থেকে ২১ সেপ্টেম্বর ছুটির উদ্দেশ্যে কর্মস্থল ত্যাগ করেন। ছুটি শেষে তিনি কর্মস্থলে ফিরে আসেননি। কোনো অনুমতি ছাড়াই অনুপস্থিত রয়েছেন। তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। 
এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। তদন্তে তার বিরুদ্ধে পালানোর অভিযোগ প্রমাণ হওয়ায় ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর থেকে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এত দিন তিনি সাময়িক বরখাস্ত ছিলেন। 
অপর দিকে সিরাজগঞ্জের সাবেক পুলিশ সুপার এবং পরবর্তী সময়ে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত আরিফুর রহমান মণ্ডল গত বছর ১৯ ফেব্রুয়ারি থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত রয়েছে। তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ এবং ঠিকানায় যোগাযোগ করা হলেও তিনি কোনো জবাব দেননি। 
এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। তদন্তে অসদাচরণ ও পালানোর অভিযোগ প্রমাণ হওয়ায় গত বছর ১৯ ফেব্রুয়ারি থেকে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এর আগে তিনি সাময়িক বরখাস্ত ছিলেন। 
ঢাকা অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) সাবেক পুলিশ সুপার এবং পরবর্তী সময়ে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মোহাম্মদ ছানোয়ার হোসেন ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে অনুমতি ছাড়া ৬০ দিনের বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। মামলায় অসদাচরণ ও পলানোর অভিযোগ প্রমাণ হওয়ায় ১ জানুয়ারি ২০২৫ তারিখ থেকে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। 
এ দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার এবং সুপার নিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া রাজীব দাস ২০২৪ সালের ১২ অক্টোবর চিকিৎসার উদ্দেশ্যে ২০ দিনের ছুটিতে থাইল্যান্ড যান। ছুটি শেষে একই বছর ২ নভেম্বর তার কর্মস্থলে যোগ দেয়ার কথা ছিল। কিন্তু তিনি আর কর্মস্থলে ফেরেননি। 
এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। সেই মামলা শেষে অসদাচরণ ও পলানোর দায়ে ২০২৪ সালের ২ নভেম্বর থেকে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এত দিন তিনি সাময়িক বরখাস্ত ছিলেন। 
আর এপিবিএনের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এবং সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া পলাশ রঞ্জন দে গত বছর ১২ আগস্ট থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তিনি নিজের ব্যক্তিগত ও সরকারি মোবাইল ফোন বন্ধ রাখেন। 
প্রাথমিক তদন্ত ও বিভাগীয় মামলা শেষে তার বিরুদ্ধে অসদাচরণ ও পলানোর অভিযোগ প্রমাণ হয়। এর পরিপ্রেক্ষিতে ১২ আগস্ট ২০২৫ তারিখ থেকে তাকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।