
নিজস্ব প্রতিবেদক
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে (১৯) আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের চার দিন এবং তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এই আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মো: শামসুজ্জোহা সরকার দুই আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানান। রিমান্ড আবেদনে বলা হয়, মরিয়ম গলায় ফাঁস দেয়ার সময় আসামিরা একই বাসায় উপস্থিত ছিলেন। ভুক্তভোগীকে আত্মহত্যায় প্ররোচনা, উসকানি, মানসিক চাপ কিংবা ভয়ভীতি প্রদর্শন করা হয়েছিল কি না- সেটি উদঘাটন এবং মামলার মূল রহস্য উন্মোচন ও পলাতক আসামি ওবায়দুর রহমানের অবস্থান শনাক্ত করে গ্রেফতারের জন্য আসামিদের নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।
শুনানিতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন। অন্য দিকে আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান রিমান্ডের আবেদন বাতিল করে জামিনের আর্জি জানান। উভয়পক্ষের শুনানি শেষে আদালত এই রিমান্ড আদেশ দেন।
সোমাবার বেলা ২টা ২২ মিনিটের দিকে শেরেবাংলা নগর থানা পুলিশ কড়া নিরাপত্তায় একটি মাইক্রোবাসে করে আসামিদের সিএমএম আদালতের হাজতখানায় নিয়ে আসে। পরবর্তীতে বেলা ৩টা ১২ মিনিটের দিকে হাতে হাতকড়া, মাথায় হেলমেট এবং বুকে বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে তাদের আদালতের পাঁচতলার এজলাসে নেয়া হয়। এজলাসের কাঠগড়ায় তোলার পর তাদের হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট খুলে দেয়া হয়।
গত রোববার সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের বিপরীত পাশে অবস্থিত সরকারি ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তিনতলার একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওই ফ্ল্যাটটিতে সংসদ সদস্য গাজী নজরুল তার প্রথম ও দ্বিতীয় স্ত্রীকে নিয়ে একসাথে বসবাস করতেন।
এ ঘটনায় রোববার মধ্য রাতে মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদি হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় এমপি গাজী নজরুল, তার প্রথম স্ত্রী মাকছুদা বেগম এবং নিহত মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়। মামলা দায়েরের পর রাতেই পুলিশ এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে গ্রেফতার করে। মরিয়মের বিছানা থেকে একটি চিরকুট (সুইসাইড নোট) উদ্ধার করা হয়েছে, যা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। গত জুলাইয়ে মৃত মরিয়মের সাথে তার ব্যক্তিগত মুহূর্তের কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক রাজনৈতিক ও সামাজিক আলোচনার সৃষ্টি হয়। সে সময় গাজী নজরুল দাবি করেন, মরিয়ম তার দ্বিতীয় স্ত্রী এবং পারিবারিক সম্মতিক্রমেই তারা বিয়ে করেছেন। তবে ঘটনাটির সাংগঠনিক তদন্তে ‘নৈতিক স্খলন’ প্রমাণিত হওয়ায় গত ২২ জুলাই জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে এবং বিষয়টি স্পিকার ও নির্বাচন কমিশনকে অবহিত করে।







