জাসাস সামাজিক, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে : আবদুল কাইয়ুম চৌধুরী

 সিলেট ব্যুরো

Advertisement

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সিলেট জেলা শাখার নবগঠিত কমিটির নেতারা সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার দুপুরে সিসিক কার্যালয়ে এসে তারা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেন। এ সময় নবগঠিত কমিটির নেতারা আবদুল কাইয়ুম চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। জাসাস সিলেট জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার ও সাধারণ সম্পাদক রায়হান এইচ খানের নেতৃত্বে কমিটির নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে নবগঠিত কমিটির নেতারাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, জাসাস দেশের সামাজিক, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন কমিটির নেতৃত্বে সিলেটে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মধ্যে দেশপ্রেম, মূল্যবোধ ও সম্প্রীতির চেতনা জাগ্রত করার ক্ষেত্রে জাসাসের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংগঠনের নতুন নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, গত শুক্রবার জাসাসের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জাসাস সিলেট জেলা শাখার ৮৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।