যাত্রীর ফেলে যাওয়া প্রায় ৩ লাখ টাকাসহ মোবাইলফোন ফেরত

সাতক্ষীরা প্রতিনিধি

Advertisement

সাতক্ষীরায় ভ্যানযাত্রীর ফেলে যাওয়া প্রায় তিন লাখ (২ লাখ ৭৯ হাজার ৫০০) টাকা ও অ্যান্ড্রয়েড মোবাইলফোন ফেরত দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ভ্যানচালক মো: মিনারুল ইসলাম (৫২)। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে তিনি ওই টাকা ও মোবাইলফোনটি সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জের (ওসি) হাতে তুলে দেন। পরে পুলিশ প্রকৃত মালিককে শনাক্ত করে তাকে টাকা ও মোবাইলফোন বুঝিয়ে দেন। ভ্যানচালক মো: মিনারুল ইসলাম সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা  গ্রামের মো: আব্দুল লতিফের ছেলে। বর্তমানে তিনি সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের জেয়ালা গ্রামে স্থায়ীভাবে বসবাস করেন। 
জানা যায়, গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের বকুলতলা মোড় থেকে মিনারুলের ভ্যানে ওঠেন পলাশপোল এলাকার শামসুজ্জামান খান। বেশ কয়েকটি স্থানে ঘোরাঘুরির পরে তিনি বাড়ির সামনের রাস্তায় পৌঁছে ২০ টাকা ভাড়া দিয়ে অন্যান্য মালামাল নিয়ে ভ্যান থেকে নেমে যান। তবে অসাবধানতাবশত ভ্যানচালকের ছিটের পিছনে হুকে ঝুলিয়ে রাখা একটি ব্যাগ ফেলে রেখে চলে যান। এদিকে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দ্রুত ভ্যান চালিয়ে বাড়ি ফিরে আসেন মিনারুল। এ সময় তিনি ভ্যানের সিটের পিছনে হুকে একটি ব্যাগ ঝোলানো দেখতে পান। পরে ব্যাগ খুলে দেখেন এতে রয়েছে এক হাজার টাকার নোটের দু’টি ও ৫০০ টাকার নোটের একটি ব্যান্ডেল এবং একটি অ্যান্ড্রয়েড ফোন। কিন্তু বিষয়টি তিনি রাতে বাড়ির কাউকে কিছু না জানিয়ে কৌশলে ভ্যানেই ব্যাগটা রেখে দেন। পরদিন সকালে উঠে তিনি ভ্যান নিয়ে যাত্রী যেখানে নেমেছিলেন ওই রাস্তায় অনেক সময় ধরে ঘোরাঘুরি করে তাকে না পেয়ে আবার বাড়ি ফিরে যান। শনিবার সকালে তিনি ওই টাকার ব্যাগ ধুলিহর বাজারে এক ব্যবসায়ীর কাছে জমা দেন। ওই ব্যবসায়ী ব্যাগ খুলে দেখেন তার মধ্যে রয়েছে দুই লাখ ৭৯ হাজার ৫০০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইলফোন। পরে রোববার সকালে ওই ব্যবসায়ী বিষয়টি শহরের একজন সাংবাদিককে জানান। 
একপর্যায়ে ওই সাংবাদিকের সহায়তায় রোববার রাতে ভ্যানচালক মিনারুল ইসলাম সদর থানায় গিয়ে টাকা ও মোবাইলফোন ওসি মো: মাহমুদুর রহমানের কাছে জমা দেন। পরে ওসি যাচাই-বাছাই শেষে টাকা ও মোবাইলফোনটি প্রকৃত মালিক শামসুজ্জামান খানকে বুঝিয়ে দেন।
এদিকে ভ্যানচালক মো: মিনারুলের এমন সততা ও মানবিকতায় প্রশংসা করেছেন স্থানীয়রা। তাদের মতে, বিপুল পরিমাণ টাকা পেয়েও তা নিজের কাছে না রেখে মালিকের কাছে ফিরিয়ে দেয়ার ঘটনা সমাজে সততার একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।