কান, মাথা,
কান টেনে মাথা আনতে হবে। নয়া দিগন্ত
ads

নাশকতা ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরত হয়। জড়িতদের অনেককে গ্রেফতার করা হয়। সেই সাথে নিরীহ অনেকে গ্রেফতার হওয়ার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বেশির ভাগ ক্ষেত্রেই আড়ালে থেকে যায় আসল হোতা বা গডফাদাররা।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সহিংসতা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এর পরিপ্রেক্ষিতে মামলা হচ্ছে, সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। নাশকতা ঘটার আগে কেন আঁচ করতে পারছে না গোয়েন্দা সংস্থাগুলো? সহিংসতার সাথে জড়িতদের গ্রেফতার করার পর অনেক ক্ষেত্রে ধীর হয়ে যাচ্ছে বিচারপ্রক্রিয়া। 

বিষয়টি নিয়ে গতকাল প্রতিবেদন প্রকাশ করেছে নয়া দিগন্ত। প্রকাশিত তথ্য অনুযায়ী, সহিংসতা ও নাশকতার ঘটনায় একের পর এক মামলা হচ্ছে; কিন্তু শেষ পর্যন্ত প্রমাণের অভাবে আদালতে তা টিকছে না। দাখিলকৃত চার্জশিটের প্রায় ৬৫ শতাংশ বিচারিক ধাপে পৌঁছালেও সাজা পাওয়ার হার পাঁচ শতাংশেরও নিচে। সাক্ষী উপস্থিত না হওয়া, বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতার সুযোগে অধিকাংশ আসামি খালাস পেয়ে যায়। মোট মামলার প্রায় ৬৫ শতাংশের ক্ষেত্রে দেখা গেছে, পুলিশ চার্জশিট দাখিল করতে পারলেও ফরেনসিক আলামত ও প্রমাণের ঘাটতি থাকে। আশঙ্কাজনক বিষয় হলো, মাঠপর্যায়ে যারা সহিংসতা ঘটায়, কেবল তাদের একটি অংশ গ্রেফতার হচ্ছে। অর্থের জোগানদাতা এবং আড়ালের নির্দেশদাতারা থেকে যাচ্ছে অধরা।

অনুসন্ধানে উঠে এসেছে, যারা নাশকতা বাস্তবায়ন করে এবং নেপথ্যে যারা পরিকল্পনা করে, তারা নিজেদের মধ্যে সরাসরি যোগাযোগ রাখে না। অপরাধবিজ্ঞানের ভাষায় একে ‘গিগ সন্ত্রাস’ বলা হয়। নির্দিষ্ট শর্তে, চুক্তিভিত্তিক ও বিচ্ছিন্ন মাধ্যমে অপরাধ সম্পন্ন করা হয়। পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের অনেকে এই সন্ত্রাস নিয়ন্ত্রণ করছেন। তারা বিদেশী নম্বরে নিবন্ধিত হোয়াটসঅ্যাপ-সহ অন্যান্য অ্যাপের মাধ্যমে বার্তা পাঠায়। এতে মূল নির্দেশদাতার নাম গোপন থাকে। দেখা যায় মাত্র দুই হাজার থেকে ১০ হাজার টাকার চুক্তিতে ভাসমান কোনো যুবক বা নিম্ন আয়ের লোকদের দিয়ে ককটেল বিস্ফোরণ বা বাসে আগুন দেয়ার কাজ করানো হয়। কাজের ভিডিও প্রমাণ হিসেবে এনক্রিপ্টেড অ্যাপে পাঠানো হয়। পরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাদের পেমেন্ট দেয়া হয়।

মাঠ থেকে এমন অপরাধীদের ধরছে পুলিশ; কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, তাদের মানি ট্রেইল বা অর্থের গতিপথ ট্র্যাক করছে না আইনশৃঙ্খলাবাহিনী। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কিংবা সিআইডির মতো বিশেষায়িত সংস্থার মাধ্যমে অর্থায়নের উৎস বের করা সম্ভব। দেশে পেট্রল ও অকটেন খোলাবাজারে বিক্রি হচ্ছে। সীমান্ত দিয়ে আসছে বিস্ফোরকের চালান। এগুলো প্রতিরোধে গোয়েন্দা নজরদারিতে ঘাটতি আছে।

মামলার এজাহারে গণহারে অজ্ঞাতনামা আসামি রাখা হলে নিরীহ মানুষ হয়রানির শিকার হয়। এই অবস্থায় আইনশৃঙ্খলাবাহিনীর অসৎ সদস্যরা অবৈধ উপায়ে অর্থ কামানোর সুযোগ পায়। এ দিকে প্রকৃত অপরাধীরা সহজে গা-ঢাকা দিতে পারে। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অপরাধীদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকতে হবে। মাঠ থেকে পাওয়া ‘কান’ টেনে ‘মাথা’ নিয়ে আসতে হবে।  নাহলে সহিংসতার এই চক্র থেকে জনজীবনকে মুক্ত করা সম্ভব হবে না।