
ইন্টারনেট তথ্য সহজলভ্য করেছে। আর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বুদ্ধিবৃত্তিক সক্ষমতাকে নাগালের মধ্যে নিয়ে আসছে। ইন্টারনেট সমাজের তথ্য সংগ্রহ ও আদান-প্রদানের পদ্ধতি বদলে দিয়েছিল। অন্যদিকে, এআই এখন তথ্য বিশ্লেষণ, সমন্বয়, সিদ্ধান্ত নেয়া এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেয়ার সক্ষমতাকে নতুনভাবে রূপান্তর করছে।
এ পরিবর্তন ইসলামী অর্থায়নের ক্ষেত্রে মানবসম্পদ নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে : যখন প্রয়োজন অনুযায়ী বুদ্ধিবৃত্তিক সক্ষমতা সহজেই পাওয়া যাবে, তখন মানুষের ভূমিকা কী হবে?
তথ্যের প্রাচুর্য থেকে বুদ্ধিবৃত্তিক সক্ষমতার প্রাচুর্য
ইন্টারনেটের আগে মানুষের জীবনে ছিল অপেক্ষাকৃত স্বাভাবিক বিষয়। চিঠি, তথ্য, অর্থ লেনদেন, ছবি, সংবাদপত্র কিংবা ভ্রমণের নিশ্চয়তা— সবকিছুর জন্যই অপেক্ষা করতে হতো। মানুষ একে অন্যায্য মনে করত না। কারণ তখন বিকল্প ছিল না।
প্রযুক্তি শুধু বিদ্যমান প্রক্রিয়া উন্নত করেনি; বরং মানুষের প্রত্যাশার ধরনও পাল্টে দিয়েছে। একইভাবে, এআই প্রতিষ্ঠানের কাজে পরিবর্তন আনতে পারে বুদ্ধিবৃত্তিক সক্ষমতাকে সহজলভ্য করে তোলার মাধ্যমে। এআই এখন তথ্য বিশ্লেষণ, সমন্বয়, সারসংক্ষেপ তৈরি, সম্ভাব্য ভবিষ্যৎ পরিস্থিতি অনুমান, লেখালেখি, কোডিং, বিকল্প মূল্যায়ন এবং সুপারিশ করার মতো কাজ করতে পারে। একসময় যেসব কাজের জন্য গভীর মানবিক দক্ষতা ও বিশেষজ্ঞ জ্ঞানের প্রয়োজন হতো, সেগুলো এখন এআইয়ের মাধ্যমে অনেক বেশি মানুষের নাগালে চলে আসছে। এই প্রবণতা অব্যাহত থাকলে কোনো প্রতিষ্ঠানের ভেতরে যন্ত্রনির্ভর বুদ্ধিমত্তা ও এআই-সমর্থিত জ্ঞানগত সক্ষমতা ক্রমেই সহজলভ্য সম্পদে পরিণত হবে। কিন্তু কোনো সম্পদ যখন দুর্লভ অবস্থা থেকে সহজলভ্য হয়ে ওঠে, তখন আগে যে বিষয়টিকে মূল্যবান মনে করা হতো, তার গুরুত্বও বদলে যায়।
ভবিষ্যতে কোন বিষয়গুলো মূল্যবান হয়ে উঠবে
সেগুলো হলো— বিচারবোধ, প্রজ্ঞা, নৈতিকতা, জবাবদিহি, সহমর্মিতা, উদ্ভাবনী ক্ষমতা, নেতৃত্ব, দূরদর্শিতা ও পারস্পরিক আস্থা। এসব গুণ সাধারণ বিশ্লেষণী দক্ষতার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর্থিক সেবা ও ইসলামী অর্থায়নে ভালো ও খারাপ সিদ্ধান্তের মধ্যে পার্থক্য গড়ে দেয় এসব গুণ। এর ওপরই নির্ভর করে একটি প্রতিষ্ঠানের সেবার মান ও কার্যক্রমের ফলাফল।
ইসলামী অর্থায়ন কেন আলাদা
মানবসম্পদ ও এআই নিয়ে এই আলোচনায় ইসলামী অর্থায়নের বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় ইসলামী অর্থায়নের অবস্থান ও নীতিগত ভিত্তি স্বতন্ত্র।
ইসলামী অর্থায়নে শরিয়াহর নীতিমালা আর্থিক লেনদেনের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করে। এখানে ন্যায়বিচার, আস্থা, স্বচ্ছতা ও নৈতিকতার বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এ কারণে প্রচলিত অর্থায়নের তুলনায় ইসলামী অর্থায়নে মানবিক বিচারবোধের ভূমিকা আরো গুরুত্বপূর্ণ। এআই শরিয়াহ বিশেষজ্ঞদের সহায়তা করতে পারে। কিন্তু অন্তত নিকট ভবিষ্যতে তাদের বিকল্প হয়ে উঠতে পারবে না।
ঝুঁকি ব্যবস্থাপনা ও পরিচালন কার্যক্রমের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এআই চুক্তি বিশ্লেষণ করতে পারে, বিভিন্ন তথ্যের মধ্যে অসঙ্গতি বা ঝুঁকির ধরন শনাক্ত করতে পারে, সমাধানের সুপারিশ দিতে পারে এবং যথাযথ যাচাই-বাছাইয়ে সহায়তা করতে পারে। কিন্তু এআইয়ের সুপারিশের জন্য দায়ভার বহন করতে পারে না। চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব মানুষেরই।
মানবসম্পদের অভিজ্ঞতা ও অন্তর্নিহিত জ্ঞান
মানুষের জ্ঞান শুধু লিখিত নীতিমালা, প্রক্রিয়া বা আনুষ্ঠানিক নথির মধ্যে সীমাবদ্ধ নয়। একজন অভিজ্ঞ পেশাজীবী দীর্ঘদিন কোনো শিল্পে কাজ করার মাধ্যমে এমন কিছু বাস্তব জ্ঞান অর্জন করেন, যা সাধারণত লিখিতভাবে সংরক্ষিত থাকে না। বিশেষ করে কঠিন গ্রাহক, জটিল লেনদেন কিংবা বাজার ও মানুষের মনস্তত্ত্ব বুঝে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে এই অভিজ্ঞতার মূল্য অনেক বেশি।
ইসলামী অর্থায়নে এর সাথে শরিয়াহ ও প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতার আরো কিছু গুরুত্বপূর্ণ স্তর যুক্ত হয়। এ ধরনের জ্ঞানকে বলা হয় ‘ট্যাসিট নলেজ’ বা অন্তর্নিহিত অভিজ্ঞতালব্ধ জ্ঞান। এআইকে কার্যকরভাবে কাজে লাগাতে হলে এই জ্ঞান সংরক্ষণ ও ব্যবহারের ব্যবস্থা করতে হবে। অন্যথায় অভিজ্ঞ কর্মকর্তারা অবসরে যাওয়ার সাথে সাথে তাদের অর্জিত জ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ হারিয়ে যেতে পারে।
এআই দুটি উপায়ে মানবসম্পদকে আরো শক্তিশালী করতে পারে। প্রথমত, বর্তমান কর্মীদের সক্ষমতা বাড়িয়ে। দ্বিতীয়ত, অবসরপ্রাপ্ত কর্মীদের সঞ্চিত অভিজ্ঞতা সংরক্ষণ ও ব্যবহারের মাধ্যমে। এর ফলে প্রতিষ্ঠানের বিশেষায়িত জ্ঞান আরো বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মানবিক বিচারবোধ আরো সমৃদ্ধ হবে।
মানবসম্পদ থেকে মানব-এআই সম্মিলিত সক্ষমতা
এখান থেকে একটি নতুন প্রশ্ন সামনে আসে। এআইনির্ভর প্রতিষ্ঠানে প্রচলিত অর্থে মানবসম্পদের ধারণা কতটা প্রাসঙ্গিক থাকবে? এটি জটিল বিষয়। তবে আলোচনার একটি কার্যকর সূচনা হতে পারে— প্রচলিত মানবসম্পদের ধারণা থেকে ‘হিউম্যান-এআই ক্যাপাবিলিটি’ বা মানব-এআই সম্মিলিত সক্ষমতার দিকে উত্তরণ।
এখন আর কর্মীরাই উৎপাদন ও সেবা প্রদানের একমাত্র উপাদান নন। তারা এআইকে সহায়ক প্রযুক্তি হিসেবে ব্যবহার করে বৃহত্তর একটি ব্যবস্থার অংশ হয়ে উঠছেন। সক্ষমতার সুফল এবং বিচারবোধের ক্রমবর্ধমান গুরুত্ব আমাদের দেখাচ্ছে, একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্য আর শুধু নির্দিষ্ট কিছু কাজ সম্পন্ন করার দক্ষতার ওপর নির্ভর করবে না।
ভবিষ্যতের ইসলামী অর্থায়ন খাতের একজন পেশাজীবীর জন্য কোডিং শেখা অপরিহার্য নাও হতে পারে। তবে এআই ব্যবহারে দক্ষ হওয়া প্রয়োজন হবে। তাকে জানতে হবে কিভাবে ভালো প্রশ্ন করতে হয় (প্রম্পটিং), এআইয়ের ফলাফল কিভাবে ব্যাখ্যা করতে হয়, তার বিশ্লেষণকে কিভাবে চ্যালেঞ্জ করতে হয়, তথ্যের নির্ভুলতা কিভাবে যাচাই করতে হয়, গোপনীয়তা কিভাবে রক্ষা করতে হয় এবং কখন এআইয়ের পরামর্শের ওপর নির্ভর করা উচিত নয়।
এ ক্ষেত্রে একটি কার্যকর কাঠামো হতে পারে :
প্রশ্ন করামব্যাখ্যা করামচ্যালেঞ্জ করাম যাচাই করাম সিদ্ধান্ত নেয়ামদায়িত্ব গ্রহণ করা। এই ছয়টি ধাপ ভবিষ্যতের পেশাজীবীদের জন্য গুরুত্বপূর্ণ দক্ষতা হয়ে উঠতে পারে।
শুরু থেকেই শরিয়াহর নীতিমালা নিশ্চিত করা
আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন তাদের কার্যক্রম ও সেবায় এআই যুক্ত করবে, তখন শরিয়াহ সুশাসন বা শরিয়াহ গভর্ন্যান্সের কাঠামোকেও সময়োপযোগী করে তুলতে হবে। কোনো পণ্য বা সেবা তৈরির শেষে শরিয়াহসম্মত কি না, তা যাচাই করাই যথেষ্ট হবে না। বরং পণ্য, সেবা, প্রযুক্তি ও প্রক্রিয়ার নকশা তৈরির প্রতিটি পর্যায়েই শরিয়াহর নীতিমালা অন্তর্ভুক্ত করতে হবে।
এ জন্য এআই ব্যবস্থায় ব্যবহৃত তথ্য ও উপাত্ত শরিয়াহর নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিশ্চিত করতে হবে। একই সাথে যথাযথ মানবিক তদারকি ও জবাবদিহির ব্যবস্থাও থাকতে হবে। এআইয়ের সীমাবদ্ধতা স্বীকার করা এবং তার ভুলের জন্য দায় নির্ধারণ করাও জরুরি।
এআইয়ের যুগে ভবিষ্যতের ইসলামী ব্যাংক
এআইয়ের যুগেও একটি ইসলামী ব্যাংকের মূল লক্ষ্য থাকবে লেনদেন সহজ, সহজলভ্য ও শরিয়াহসম্মত করা। তবে এআইয়ের সহায়তায় প্রতিষ্ঠানটি এই লক্ষ্য আরো উন্নতভাবে বাস্তবায়ন করতে পারবে। যেমন— প্রয়োজনের সময় ও স্থানে বুদ্ধিবৃত্তিক সক্ষমতা পাওয়া যাবে। আগেভাগেই ঝুঁকি শনাক্ত করা সম্ভব হবে। গ্রাহকের প্রয়োজন ও আচরণ আরো গভীরভাবে বোঝা যাবে। তথ্য ও বাস্তব পরিস্থিতির উন্নত বিশ্লেষণের মাধ্যমে শরিয়াহ সুশাসন শক্তিশালী হবে। পেশাজীবীরা উচ্চমূল্যের ও গুরুত্বপূর্ণ কাজে বেশি সময় দিতে পারবেন।
লেখক : ইসলামী ব্যাংকিং প্রযুক্তি প্রতিষ্ঠান মিলেনিয়াম ইনফরমেশন সলিউশনের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








