শাহবাগ
শাহবাগে লাখো ছাত্রজনতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার ও জড়িতদের গ্রেপ্তার দাবিতে রাজধানীর শাহবাগে জড়ো হয়েছেন বিভিন্ন শ্রেণি–পেশার লাখো মানুষ। ছাত্র–জনতার টানা মিছিল ও স্লোগানে পুরো শাহবাগ এলাকা উত্তাল হয়ে উঠেছে। এ সময় হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে শাহবাগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে হাদির হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে উপস্থিত জনতার সামনে শপথ পাঠ করানো হয়। 

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম, সাধারণ সম্পাদক এস এম ফরহাদসহ ডাকসুর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানুষ দলে দলে শাহবাগে আসতে থাকেন। বাদ জুমা শাহবাগ এলাকায় তিল ধারণের জায়গা থাকে না। মঞ্চ থেকে একের পর এক স্লোগান দেওয়া হয়, যা আন্দোলনকারীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।

এ দিকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাদ জুমার পর শাহবাগে ঘোষিত অবস্থান কর্মসূচি স্থগিত করেছে। শুক্রবার দুপুর ২টার দিকে দলটির পক্ষ থেকে জানানো হয়, অবস্থান কর্মসূচির পরিবর্তে বিকেল ৪টায় বিক্ষোভ মিছিল করবে এনসিপি।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং রাজনৈতিক আন্দোলন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। হামলায় গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।