ইসরাইলকে ২.৮ বিলিয়ন ডলারের বোমা দিচ্ছে ট্রাম্প প্রশাসন

 এনডিটিভি
ইসরাইল প্রশাসনের কাছে ২.৮ বিলিয়ন ডলার মূল্যের অত্যন্ত বিধ্বংসী ২০০০ পাউন্ড ওজনের বিপুল পরিমাণ সামরিক বোমা সরবরাহের চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করেছে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এটি সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম বৃহৎ একক অস্ত্র বাণিজ্য। মার্কিন গণমাধ্যম ‘ওয়াশিংটন পোস্টে’র বরাতে জানা যায়, ৪ হাজার ৮০০ কোটি টাকার বেশি ব্যয়ের এই সামরিক প্যাকেজের অধীনে ইসরাইলি বাহিনীকে মোট ৪০ হাজার ভারী বোমা দেয়া হবে। এর মধ্যে রয়েছে ২০ হাজার এমকে-৮৪ বোমা ও ২০ হাজার বিএলইউ-১১৭ বোমা। এর পাশাপাশি দেয়া হবে ২০ হাজার আই-২০০০ পেনিট্রেটর ওয়ারহেড। উল্লেখ্য, এসব বোমার কেনাকাটার বেশির ভাগ ব্যয় পরিশোধ করা হবে মার্কিন করদাতাদের অর্থে পরিচালিত সামরিক অর্থায়ন প্রকল্প থেকে। সম্প্রতি আইনপ্রণেতাদের এ ব্যাপারে অনানুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।
এমকে-৮৪ ভারী বোমাকে পশ্চিমা সামরিক অস্ত্রাগারের অতি-বিধ্বংসী অস্ত্র হিসেবে গণ্য করা হয়। গাজা ও লেবাননের জনবহুল এলাকায় আগে এসব বোমার আঘাতে ব্যাপক সাধারণ নাগরিক হতাহতের ঘটনায় বিশ্বজুড়ে চরম সমালোচনার ঝড় বয়ে যায়। মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগের কারণে দুই বছর আগে জো বাইডেন সরকার এ ধরনের বোমার চালান স্থগিত রেখেছিল। ক্ষমতায় আসার পর ট্রাম্প সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন। গত ফেব্রুয়ারি মাসে ইরানের সাথে যুদ্ধ শুরুর পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার বাণিজ্যিক ও কৌশলগত মিত্রতা ভিন্ন মাত্রায় পৌঁছায়।