দক্ষিণ ইউক্রেনে বেসামরিক বাহনে রুশ ড্রোন হামলায় প্রাণহানি ৫

আলজাজিরা
দক্ষিণ ইউক্রেনের যুদ্ধকবলিত এলাকার কাছে একটি যাত্রীবাহী বাসে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরো সাতজন। স্থানীয় আঞ্চলিক প্রশাসন জানিয়েছে, দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের নিকোপোল শহরের নিকটবর্তী এলাকায় এ হামলা চালানো হয়। নিকোপোল শহরটি দনিপ্রো নদীর ঠিক বিপরীত তীরে অবস্থিত, যার অপর পাড়ে রয়েছে যুদ্ধ শুরুর পর থেকেই রুশ নিয়ন্ত্রণে থাকা কৌশলগত জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। অন্য দিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানা গেছে, ওডেসা অঞ্চলের ভেলিকায়া বালকায় ইউক্রেনীয় বাহিনীর সামরিক সরঞ্জামের একটি প্রধান রসদকেন্দ্রে রাতের আঁধারে হামলা চালিয়েছে রুশ সামরিক বাহিনী। একই সাথে ওই অঞ্চলের চেরনোমোরস্ক বন্দরে অবস্থানরত একটি পণ্যবাহী জাহাজ ও ফেরিতেও নিশানাবাজ হামলা পরিচালনা করা হয়। প্রকাশ করা তথ্যে আরো বলা হয়, ইউরোপ থেকে সরবরাহ করা সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় রেল অবকাঠামোতেও নৈশ হামলা চালানো হয়েছে। বিপরীতে, রাশিয়ার নিজস্ব বিভিন্ন অঞ্চলের আকাশসীমা থেকে ইউক্রেনের পাঠানো দুই শতাধিক ড্রোন ধ্বংস ও প্রতিহত করার দাবি করেছে মস্কো। সংবাদের তথ্যগুলো আন্তর্জাতিক বার্তা সংস্থা তাস, রয়টার্স ও আলজাজিরার বরাতে সংগৃহীত হয়েছে।
এ দিকে এএফপি জানিয়েছে, ইউরোপে রাশিয়ার কথিত ‘হাইব্রিড হামলা’ প্রতিরোধে ক্রেমলিনের প্রতি আরো কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা ক্যালাস।