পাকিস্তান, পার্লামেন্ট, গাছ, চারা, রোপণ, স্পিকার, হাফিজ উদ্দিন,
পাকিস্তানের পার্লামেন্ট প্রাঙ্গণে ‘হিমচাঁপা’ গাছের চারা রোপণ করলেন স্পিকার হাফিজ উদ্দিন । নয়া দিগন্ত
ads

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সংসদীয় সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বের বন্ধন আরো সুদৃঢ় করার প্রত্যাশায় পাকিস্তানের পার্লামেন্ট হাউস পরিদর্শন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি। সফরকালে তিনি পাকিস্তানের পার্লামেন্ট ভবন প্রাঙ্গণে ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা (হিমচাঁপা) গাছের চারা রোপণ করেন।

পার্লামেন্ট ভবনে উষ্ণ অভ্যর্থনা ও বৃক্ষরোপণ

বুধবার (২৫ নভেম্বর) পাকিস্তানের পার্লামেন্ট ভবনে পৌঁছালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বাধীন বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, জাতীয় পরিষদের সদস্য এবং সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শনকালে পার্লামেন্ট ভবন প্রাঙ্গণে ‘হিমচাঁপা’ গাছের চারা রোপণ করেন বাংলাদেশের স্পিকার। এ সময় পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ শেষে বাংলাদেশ ও পাকিস্তানের অগ্রগতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সাথে দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরো জোরদারের জন্য দোয়া করা হয়।

জাতীয় পরিষদ হলরুম পরিদর্শন ও সফরপটভূমি

পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে পাকিস্তানের জাতীয় পরিষদ হলরুম পরিদর্শন করেন। এ সময় পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক হলরুমটির ঐতিহাসিক গুরুত্ব, পাকিস্তানের সংসদীয় কার্যক্রম এবং দেশটির আইন প্রণয়ন পদ্ধতি সম্পর্কে বাংলাদেশের প্রতিনিধিদলকে অবহিত করেন।

সংসদীয় ভবন পরিদর্শন, বৃক্ষরোপণ ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দুই দেশের সংসদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো এগিয়ে নেয়ার বার্তা উঠে আসে।

উল্লেখ্য, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে গত ২৩ নভেম্বর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।