
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের দাদির বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি।
তবে আগুনের প্রকৃত কারণ নিশ্চিত হতে পারেননি কমিটি সদস্যরা। সম্ভাব্য চার থেকে পাঁচটি কারণ চিহ্নিত করে সেগুলো অধিকতর তদন্তের সুপারিশ করা হয়েছে।
এক দফা সময় বাড়ানোর পর বুধবার (২৫ নভেম্বর) সকালে ১৫ থেকে ২০ পৃষ্ঠার সিলগালা করা প্রতিবেদনটি ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। বেলা ১১টার দিকে প্রতিবেদনটি মন্ত্রণালয়ে পৌঁছায় বলে জানা গেছে।
তদন্ত প্রতিবেদন পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান ও কুষ্টিয়া স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম।
তিনি জানান, কমিটির সদস্যরা বৈঠক করে প্রতিবেদনটি চুড়ান্ত করার পর সিলগালা অবস্থায় ঢাকায় পাঠিয়েছেন। তবে গোপনীয়তার স্বার্থে প্রতিবেদনের বিষয়বস্তু নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ঘরের ভেতরে সিগারেটের আগুন থেকে ওই আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রতিবেদনে সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ঘরের পুরোনো বৈদ্যুতিক তার থেকেও আগুন লাগার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য চার-পাঁচটি কারণ বিশ্লেষণ করে সেগুলো নিয়ে আরো তদন্তের সুপারিশ করেছে কমিটি।
নাম প্রকাশ না করার শর্তে তদন্ত কমিটির এক সদস্য জানান, এটি কোনো নাশকতা বা পেট্রোল বোমা হামলা ছিল কি-না, তা খতিয়ে দেখা হয়েছে। তবে পেট্রোল বোমা থেকে আগুন লাগার সম্ভাবনা খুবই কম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দুই দফা তদন্ত করেও এ ধরনের আগুনের পক্ষে কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।
তিনি আরো জানান, তদন্তের সময় কমিটির সদস্যরা বাড়ির বাসিন্দা ও আশপাশের এলাকার বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য গ্রহণ করেন। তাদের দেয়া তথ্য ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিশ্লেষণ করেই সম্ভাব্য কারণগুলো চিহ্নিত করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন— তদন্ত কমিটির প্রধান ও কুষ্টিয়া স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম, বিজিবি কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশনস) মেজর আসরারুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন ও কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।
আগুনের ঘটনার গুরুত্ব বিবেচনায় গত ১২ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের এই তদন্ত কমিটি গঠন করে। প্রথমে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হলেও পরে ১৬ নভেম্বর থেকে আরো সাত কার্যদিবস সময় বাড়ানো হয়। বর্ধিত সময়ের শেষ দিন ছিল মঙ্গলবার (২৪ নভেম্বর)।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর গভীর রাতে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের দাদির বাড়িতে আগুন লাগে।
এ ঘটনায় পরদিন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় আট নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করেন নুসরাত তাবাসসুম। মামলায় বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









