মো: হাবীবুল্লাহ
মো: হাবীবুল্লাহ। সংগৃহীত
ads

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল ও সমাবেশের মধ্যেই ১০ দিন আগে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মো: হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছিল। এবার ১০ দিনের ব্যবধানে তাকে ফেনী থেকে খাগড়াছড়িতে বদলি ও সংযুক্ত করেছে সরকার।

বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ফেনীর পুলিশ সুপার মো: হাবীবুল্লাহকে ৬ এপিবিএন খাগড়াছড়ির মহালছড়িতে অবস্থিত ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এর আগে, গত ১৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে গোপালগঞ্জ থেকে মো: হাবীবুল্লাহকে ফেনীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছিল এবং ওই আদেশে ফেনীর তৎকালীন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব দেয়া হয়।

উল্লেখ্য, গত বেশ কিছু দিন ধরে গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেয়াসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েক দিন ধরেই জেলাটিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।