রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জাতীয় সংসদ, হুইপ, শেখ হাসিনা, স্বৈরাচার
বক্তব্য রাখছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বাসস
ads

জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, জুলাই অভ্যুত্থানের সময় শত-শত নিরীহ মানুষকে হত্যার দায়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।

তিনি আরো বলেন, শেখ হাসিনা দেশে ফিরে এলে আদালতের রায় কার্যকর করা হবে।

আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের দেশব্যাপী পরিকল্পিত অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও, ভাঙচুর, লুটপাট ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
 
হুইপ দুলু বলেন, সরকার ও বিরোধী দলের মধ্যে মতের ভিন্নতা থাকলেও ফ্যাসিস্ট প্রতিরোধ প্রশ্নে তারা ঐক্যবদ্ধ। পতিত ফ্যাসিস্টদের দ্বারা দেশে নৈরাজ্য হতে দেয়া হবে না।
 
তিনি বলেন, দীর্ঘদিন পরে দেশের জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন। জনগণ পাঁচ বছরের জন্য এই সরকারকে ম্যান্ডেট দিয়েছে।

বিগত আওয়ামী লীগ সরকারের অত্যাচার ও অন্যায়ের উল্লেখ করে হুইপ দুলু বলেন, পৃথিবীতে যে যতটুকু অন্যায় অবিচার করবে, তাকেও ঠিক ততটুকু ফল ভোগ করতে হবে। বিগত আওয়ামী লীগের আমলে লাখ লাখ কোটি টাকা লুটপাট হয়েছে।  

প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ডা: নাছিমা ইসলাম চৌধুরী বৃষ্টিসহ অন্যান্য নেতৃবৃন্দ।