
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পরিবেশ অধিদফতরের অনুমোদন ছাড়াই দুই বছরেরও বেশি সময় ধরে চলছে সিসা উৎপাদনের কারখানা। আশুগঞ্জ থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত কারখানাটির বাইরে নেই কোনো সাইনবোর্ড কিংবা প্রতিষ্ঠানের পরিচয়।
২০২৫ সালের ২৭ আগস্ট প্রশাসনের অভিযানে তিনজন বাংলাদেশী ও তিনজন চীনা নাগরিককে আটক করে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হলেও কিছুদিন পর আবারও শুরু হয় উৎপাদন। পরিবেশ অধিদফতর জানিয়েছে, কারখানাটির অনুমোদনের আবেদন বাতিল করা হয়েছে। এরপরও কীভাবে কারখানাটি চালু রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
দুই মাসের অনুসন্ধানে কারখানাটির অনুমোদনহীন কার্যক্রম, পরিবেশদূষণের অভিযোগ, প্রশাসনের পূর্ববর্তী অভিযান এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, কারখানা থেকে নির্গত ধোঁয়া ও বর্জ্যে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। শ্বাসকষ্টসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন এলাকাবাসী। তাদের প্রশ্ন, প্রশাসনের নাকের ডগায় এত দিন ধরে কীভাবে চলছে এ কারখানা?
আশুগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের পাশেই কারখানাটির অবস্থান। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই, এখানে কী উৎপাদন হচ্ছে। নেই কোনো নামফলক, ব্যানার কিংবা প্রতিষ্ঠানের পরিচিতিমূলক সাইনবোর্ড। তবে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, চলছে সিসা উৎপাদনের কার্যক্রম। স্থানীয়দের অভিযোগ, চীনা নাগরিকদের পরিচালনায় দুই বছরেরও বেশি সময় ধরে এখানে উৎপাদন চলছে। অথচ প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র ও বৈধ অনুমোদনের কোনো দৃশ্যমান তথ্য নেই।
কারখানা থেকে নির্গত ধোঁয়া ও বর্জ্যে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি, এতে দূষিত হচ্ছে বায়ু ও জলাশয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য। পাশাপাশি আশপাশের বাসিন্দাদের মধ্যে শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিচ্ছে।
স্থানীয়রা জানায়, কারখানার জমির মালিক বুলবুল সিকদার ও কোম্পানির দোভাষী আনোয়ারকে একাধিকবার বিষয়টি জানানো হয়েছে। কিন্তু কার্যকর ব্যবস্থা নেয়ার পরিবর্তে বারবার আশ্বাস দেয়া হয়েছে বলে অভিযোগ তাদের।
অভিযানের পরও বন্ধ হয়নি উৎপাদন
কারখানাটির বিরুদ্ধে এর আগে প্রশাসনিক অভিযান পরিচালিত হয়েছে। ২০২৫ সালের ২৭ আগস্ট তৎকালীন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়ার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় কারখানা থেকে ছয়জনকে আটক করে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়। আটক ব্যক্তিদের মধ্যে তিনজন বাংলাদেশী ও তিনজন চীনা নাগরিক ছিলেন।
পরে এডিএম কোর্টে আপিল করেন দণ্ডপ্রাপ্তরা। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদের আদালতে আশুগঞ্জে আর কারখানা চালাবেন না—এমন শর্তে ছয় দিনের মাথায় জনপ্রতি পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে জামিনে বেরিয়ে আসেন তারা। তবে অভিযানের পর কিছুদিন কারখানাটি বন্ধ থাকলেও পরে আবার উৎপাদন শুরু হয়।
এ বিষয়ে ১৪ অক্টোবর ২০২৬ তারিখে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদকে অবহিত করা হলে তিনি বিষয়টি দেখার আশ্বাস দেন। কিছুদিন সময় চেয়ে তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিবর্তন হয়েছেন। নতুন ইউএনও যোগদান করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে ওই আশ্বাসের এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। পরবর্তী সময়ে এ বিষয়ে জানতে ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি।
জমির মালিকের যুক্তি, অন্য কারখানাও চলছে
এ বিষয়ে আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ বলেন, ড্রায়ার মালিকদের পরিবেশদূষণের নামে হয়রানি করা হয়। অথচ এ সিসা কারখানা পরিবেশ দূষণ করে আসছে, সেটি দেখার কেউ নেই। যে মালিক কারখানার জায়গা ভাড়া দিয়েছেন, তাকেও আগে আইনের আওতায় আনা উচিত।
কারখানাটির জন্য জমি ভাড়া দিয়েছেন বুলবুল সিকদার। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে তিনি সাংবাদিকের ওপর চড়াও হন। তার দাবি, সারা দেশে ৫০টির বেশি সিসা কারখানা রয়েছে, যার মধ্যে মাত্র একটির ছাড়পত্র আছে। অন্য কারখানাগুলো চলতে পারলে তার জায়গায় থাকা কারখানাটি চলবে না কেন?
অন্যদিকে, চীনা কোম্পানির পার্সেজ ম্যানেজার ও দোভাষী আনোয়ার হোসেনের কাছে পরিবেশগত ছাড়পত্রের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের পরিবেশ ছাড়পত্র এখনো প্রক্রিয়াধীন আছে।’ তবে সরকারের (বিডার) অনুমতি রয়েছে বলে দাবি করেন তিনি।
অনুমোদনের আবেদন বাতিল করেছে পরিবেশ অধিদফতর
কারখানাটির পরিবেশগত অনুমোদনের বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদফতরের উপপরিচালক নাজিম হোসেন শেখ জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অনুমোদনের জন্য আবেদন করলেও তাদের আবেদন বাতিল করা হয়েছে। কমলা শ্রেণিভুক্ত হওয়ায় এ ধরনের কারখানার অনুমোদন দেয়া সম্ভব নয়।
তার এ বক্তব্যে স্পষ্ট হয়েছে, কারখানাটির পরিবেশগত অনুমোদনের আবেদন গ্রহণ করা হয়নি; বরং বাতিল করা হয়েছে। এরপরও সেখানে উৎপাদন কার্যক্রম অব্যাহত থাকার বিষয়টি প্রশাসনিক নজরদারি ও আইনগত পদক্ষেপের প্রয়োজনীয়তা সামনে এনেছে।
এ বিষয়ে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাঈন উদ্দিন জানান, তিনি নতুন যোগদান করেছেন। কারখানাটির বিষয়ে আগে অবগত ছিলেন না। তবে জনস্বাস্থ্যের ক্ষতি করে, এমন কোনো কারখানা রাখার পক্ষে তিনি নন। এ ব্যাপারে তার পক্ষ থেকে সর্বোচ্চ পদক্ষেপ নেয়ার চেষ্টা করবেন।
একদিকে পরিবেশ অধিদফতরের অনুমোদন নেই, অন্যদিকে প্রশাসনের অভিযান ও পরবর্তী আশ্বাসের পরও বন্ধ হয়নি কারখানার উৎপাদন। স্থানীয়দের অভিযোগ, কারখানার দূষণে হুমকির মুখে পড়ছে জনস্বাস্থ্য ও পরিবেশ। আবার জমির মালিকের বক্তব্যে উঠে এসেছে দেশের অন্য সিসা কারখানার উদাহরণ টেনে নিজেদের কারখানা চালু রাখার যুক্তি।
তবে প্রশ্ন উঠেছে, দেশের অন্য কোথাও অনিয়ম থাকলে তার অজুহাতে কি আশুগঞ্জেও আইন অমান্য করে কারখানা পরিচালনার সুযোগ রয়েছে? পরিবেশ অধিদপ্তরের অনুমোদনের আবেদন বাতিল হওয়ার পরও কীভাবে উৎপাদন চলছে? প্রশাসনের অভিযান ও কারাদণ্ডের পরও কারখানাটি আবার চালু হলো কীভাবে? কোন কর্তৃপক্ষের দায়িত্বে রয়েছে কারখানাটির কার্যক্রম বন্ধ করা এবং জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি কেন?
দুই মাসের অনুসন্ধানে পাওয়া তথ্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এসব প্রশ্নকে সামনে এনেছে। কারখানাটির কার্যক্রমের বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং পরিবেশদূষণের অভিযোগের যথাযথ তদন্তের অপেক্ষায় রয়েছেন আশুগঞ্জের স্থানীয় বাসিন্দারা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









