শ্রমিক অসন্তোষ, পোশাক কারখানা বন্ধ, সাধারণ ছুটি, ৩০ হাজার টাকা মজুরির দাবি, আশুলিয়া শিল্পাঞ্চল, পোশাক শ্রমিক আন্দোলন, শিল্প পুলিশ-১
শ্রমিক অসন্তোষে আশুলিয়ায় বন্ধ ২০ পোশাক কারখানা। সংগৃহীত
ads

৩০ হাজার টাকা মজুরির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের জেরে ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলে ২০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একইসাথে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় আরো ১৪টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার সকালে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া কারখানা বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সকাল থেকেই শ্রমিকদের বিভিন্ন কারখানায় কাজে যোগ দিতে দেখা গেছে। তবে সকালে কাজে যোগ দেয়ার পর অন্তত ১০টি কারখানার ভেতরে শ্রমিকরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন। এর মধ্যে শারমিন গ্রুপ ও অনন্ত গার্মেন্টসের শ্রমিকরাও কাজ বন্ধ রাখেন।

এদিকে, আশুলিয়া শিল্পাঞ্চলের হামীম গ্রুপ, ইট এশিয়া ও এনভয়সহ অন্তত ২০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় দি রোজ ড্রেসেস, স্টারলিং ক্রিয়েশন ও পাইওনিয়ার ক্যাজুয়াল ওয়্যারসহ কমপক্ষে ১৪টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিভিন্ন সূত্রে জানা গেছে, মজুরি বোর্ডের সভায় মজুরি নির্ধারণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় কিছু শ্রমিকের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে।

শিল্প পুলিশ জানায়, শিল্পাঞ্চলে কেউ যেন অসন্তোষ ছড়াতে না পারে, সেজন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।