মানবপাচারকারী চক্র, মালয়েশিয়া, মাঝসমুদ্রে জিম্মি, লাবণী পয়েন্ট, জিম্মি উদ্ধার, গভীর সমুদ্রে নিয়ে জিম্মি, শৈবাল পয়েন্ট, পাচারকারীদের সাথে সংঘর্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নারী ও শিশুসহ উদ্ধার, যোগাযোগ বিচ্ছিন্ন, মুক্তিপণ দাবি, মারধর ও শারীরিক নির্যাতন, পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, এসআরবি, ট্যুরিস্ট পুলিশ, কোস্টগার্ড, কক্সবাজার সদর মডেল থানা, সাধারণ ডায়েরি, জিডি, টেকনাফ, মানবপাচার ও অপহরণ
কক্সবাজার সদর মডেল থানা। সংগৃহীত
ads

মালয়েশিয়ায় উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে নারী, শিশু ও পুরুষসহ ৭২ জনকে ট্রলারে তুলে গভীর সমুদ্রে নিয়ে জিম্মি করে রাখার অভিযোগ উঠেছে একটি মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে। টানা ছয় থেকে আট দিন সাগরে আটকে রেখে তাদের ওপর নির্যাতন এবং পরিবারের কাছ থেকে জনপ্রতি প্রায় ৫০ লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দাবির অভিযোগ করেছেন ফিরে আসা ব্যক্তিরা।

অবশেষে পাচারকারীদের সাথে ট্রলারে থাকা ব্যক্তিদের বিরোধ ও সংঘর্ষের পর শুক্রবার রাতে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট ও শৈবাল পয়েন্ট এলাকায় ট্রলারটি পৌঁছায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেন। তবে ট্রলারে থাকা পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যান।

উদ্ধার ব্যক্তিদের বক্তব্য অনুযায়ী, গত ১২ নভেম্বর টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট মাছ ধরার নৌকায় করে যাত্রীদের গভীর সমুদ্রে অবস্থানরত একটি বড় ট্রলারে তোলা হয়। ওই ট্রলারে নারী ও শিশুসহ মোট ৭২ জন ছিলেন বলে দাবি করেছেন কয়েকজন উদ্ধার হওয়া ব্যক্তি।

মালয়েশিয়ায় পৌঁছে দেয়ার আশ্বাসে তাদের ট্রলারে তোলা হলেও পরে পরিস্থিতি পাল্টে যায়। অভিযোগ রয়েছে, যাত্রীদের মুঠোফোন কেড়ে নেয়া হয়, যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা হয় এবং পরিবারের কাছ থেকে টাকা আদায়ের জন্য চাপ দেয়া হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের কয়েকজনের ভাষ্য, ট্রলারে তাদের মারধর ও শারীরিক নির্যাতন করা হয়। পরিবারের সদস্যদের ফোন করে মুক্তিপণ আদায়ের চেষ্টা চালানো হয়। জনপ্রতি প্রায় ৫০ লাখ টাকা পর্যন্ত দাবি করা হয়েছিল বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

উদ্ধার হওয়া কয়েকজন জানিয়েছেন, তাদের প্রথমে বিভিন্ন স্থানে আটকে রাখা হয়েছিল। পরে ছোট নৌকায় করে গভীর সমুদ্রে বড় ট্রলারে নিয়ে যাওয়া হয়। সেখানে দিনের পর দিন অল্প খাবার দিয়ে আটকে রাখা হয়।

উদ্ধার হওয়া রিদুয়ান হোসাইনের অভিযোগ, তার দুই বন্ধুসহ কয়েকজনকে প্রথমে একটি ঘরে আটকে রাখা হয়েছিল। পরে তাদের সমুদ্রগামী ট্রলারে তুলে দেয়া হয়।

অন্যদিকে লক্ষ্মীপুরের বাসিন্দা মোখতার হোসেন জানান, মালয়েশিয়ায় পৌঁছে দেয়ার আশ্বাসে এক দালালের সাথে সাড়ে তিন লাখ টাকায় চুক্তি করেছিলেন তিনি। কিন্তু ট্রলারে ওঠার পর থেকেই নির্যাতন ও বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেয়া শুরু হয়। 

উদ্ধার হওয়া মোহাম্মদ জাহাঙ্গীরের দাবি, ট্রলারে থাকা কয়েকজনকে সাগরে ফেলে দেয়া হয়েছে। অন্তত সাতজনকে সাগরে ফেলে দেয়া হয়।

একপর্যায়ে মুক্তিপণের বিষয় নিয়ে ট্রলারে থাকা যাত্রীদের সাথে মাঝিমাল্লা ও দালাল চক্রের সদস্যদের বিরোধ শুরু হয়। নির্যাতনের প্রতিবাদ করতে গিয়ে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পরে কয়েকজন যাত্রী কৌশলে ট্রলারের নিয়ন্ত্রণ নিয়ে কক্সবাজার উপকূলের দিকে রওনা হন।

শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ট্রলারটি লাবণী পয়েন্টের কাছাকাছি পৌঁছালে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পান। তাদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫), ট্যুরিস্ট পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে যান।

পরে যৌথ উদ্যোগে ট্রলার থেকে ২৮ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। বিভিন্ন সংবাদমাধ্যমে তাদের সংখ্যা নিয়ে কিছুটা ভিন্নতা রয়েছে। একটি প্রতিবেদনে দুজন নারী, দুজন শিশু ও ২৪ জন পুরুষ ও অন্য প্রতিবেদনে দুজন নারী, একজন শিশু ও ২৫ জন পুরুষের কথা বলা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের খবর পেয়ে তাদের স্বজনরা কক্সবাজার সদর মডেল থানায় ছুটে আসেন। 

উখিয়ার রত্নাপালং এলাকার সাইফুল ইসলাম জানান, তার ১৮ বছর বয়সী ছেলে তানজিদ ইকবাল ইমন নিখোঁজ হওয়ার পর তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। পরে ছেলের সাথে কথা বলিয়ে দিয়ে পাচারকারীরা মুক্তিপণের টাকা দাবি করে বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় স্বজনদের অভিযোগ, মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রথমে বিভিন্ন স্থানে আটকে রাখা হয়। পরে সমুদ্রপথে নিয়ে গিয়ে জিম্মি করে অর্থ আদায়ের চেষ্টা করা হয়।

এলাকার সচেতন মহলের প্রশ্ন,  মানবপাচারকারী চক্রের মূল হোতারা কারা? কিভাবে টেকনাফ থেকে নারী, শিশু ও পুরুষদের সংগ্রহ করে গভীর সমুদ্রে নেয়া হলো? কারা ট্রলার সরবরাহ করেছে? কারা অর্থ লেনদেন করেছে ও কারা পরিবারের সদস্যদের কাছে মুক্তিপণ দাবি করেছে?

স্থানীয়দের অভিযোগ, টেকনাফকেন্দ্রিক একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন মানবপাচার ও অপহরণের সাথে জড়িত। তবে এসব অভিযোগ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন। শুধু ট্রলারের মাঝিমাল্লা কিংবা মাঠপর্যায়ের দালাল নয়, নেপথ্যে থাকা অর্থদাতা ও মূল পরিকল্পনাকারীদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ ঘটনায় উদ্ধার হওয়া ২৮ জনকে কক্সবাজার সদর মডেল থানায় নেয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ ও জড়িতদের শনাক্তের প্রক্রিয়া চলছে। সদর থানার পুলিশ একই সাথে ট্রলারে থাকা বাকি ব্যক্তিদের অবস্থান নিশ্চিত করা, সাগরে ফেলে দেয়ার অভিযোগের সত্যতা যাচাই, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং মুক্তিপণ দাবির সাথে জড়িত মোবাইল নম্বর ও আর্থিক লেনদেনের তথ্য তদন্তের করছে।

ঘটনার বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘ট্রলারটি তীরে পৌঁছানোর পর পাচারকারীরা লাফ দিয়ে পালিয়ে যান। উদ্ধার ব্যক্তিদের মধ্যে মানবপাচারের সাথে জড়িত কেউ রয়েছেন কি না, তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । এরপর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।’ 

উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রত্যেকের ভূমিকা ও পরিচয় যাচাই করে পরের আইনি পদক্ষেপ নেয়া কথা জানান ওসি।