
সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মরহুম মেজর এ গণির ৬৯তম মৃত্যুবার্ষিকী আগামী ১১ নভেম্বর। তিনি একজন কিংবদন্তি জননেতা ছিলেন, যার কীর্তি এখনো নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে।
পাকিস্তান সেনাবাহিনীতে বাঙালি মুসলমানদের জন্য আলাদা নিয়মিত বাহিনীর প্রতিষ্ঠাতা মেজর গণি ১ ডিসেম্বর ১৯১৯ সালে কুমিল্লায় ব্রাহ্মণপাড়ার নাগাইশ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি খুলনা থেকে মাধ্যমিক শিক্ষা শেষ করেন এবং তারপর উচ্চ শিক্ষার জন্য কলকাতার ইসলামিয়া কলেজে যোগ দেন।
১৯৩৯ সালের সেপ্টেম্বরে পড়াশোনা ছেড়ে কলকাতায় বেঙল ফায়ার সার্ভিসে যোগ দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে ৮ জানুয়ারি ১৯৪২ সালে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে কমিশন সার্ভিসে যোগ দেন। ৮ আগস্ট ১৯৪২ সালে পদাতিক বাহিনীতে কমিশন লাভ করেন এবং ইন্ডিয়ান পাইওনিয়ার কোরে নিয়োজিত হন। যুদ্ধকালীন সময়ে তিনি উত্তরে ব্রহ্মপুত্র নদীর পূর্ব পার্শের এলাকা থেকে দক্ষিণে বার্মার আকিয়াব পর্যন্ত পাইওনিয়ার কোরের সেনাদের নিয়ে শত্রুদের সাথে লড়াই করে আগ্রাসন প্রতিহত করেন।
বার্মা অভিযানের সময়ই তৎকালীন ব্রিটিশ সেনা কর্তৃর্পক্ষ তার অধীনে যুদ্ধ করা বাঙালি মুসলিম সৈন্যদের বীরত্ব, সাহসিকতা এবং যুদ্ধের ক্ষমতা পর্যবেক্ষণ করেছিলেন। তাদের দক্ষতা ও সাহসিকতা ব্রিটিশ সেনা অধিনায়কদেরও নজর কাড়ে।
যুদ্ধের ভয়াবহতার সাথে অভিজ্ঞ পাইওনিয়ার কোরের সৈন্যদের নিয়ে নিয়মিত সেনাবাহিনী গঠনের জন্য ঊর্ধ্বতন কমান্ডারদের সমীপে তার প্রস্তাব পূর্ব বাংলার সৈনিকদের নতুন আশার জন্ম দেয়। যুদ্ধ শেষে ভারত বিভক্তির পূর্বেই পাইওনিয়ার কোরের সৈন্যদের মধ্যে যাদের রাখা হবে, তাদের দুইটি কোম্পানি নিয়ে ভারতের জালনা শহর থেকে রওয়ানা দিয়ে ১৭ সেপ্টম্বর ১৯৪৭ সালে ট্রেন যোগে ঢাকার ফুলবাড়িয়া এসে পৌঁছান তিনি। পরবর্তীতে কুর্মিটোলায় সেনাছাউনি গড়ে তোলার আদেশ আসে।
১৫ ফেব্রুয়ারি ১৯৪৮ সালে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কুর্মিটোলায় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
১৫ ফেব্রুয়ারি ১৯৪৮ সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কুর্মিটোলায় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হবার পর চা পানের সময় স্থানীয় এরিয়া কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আইয়ুব খান মন্তব্য করেন যে, ‘বাঙালি সৈন্যরা এখন থেকে উর্দুতে কথা বলবে।’ নিজের স্বকীয়তা বজায় রাখতে উপস্থিত কিছু বাঙালি অফিসার তার প্রতিবাদ করেছিলেন। কিন্তু ক্যাপ্টেন গণি এই বলে পেরেক হাতুড়ি মেরেছিলেন যে, ‘আমরা বাঙালি সৈন্যরা কখনো উর্দুতে কথা বলব না, কারণ আমাদের মাতৃভাষা বাংলা।’ ঊর্ধ্বতন কমাণ্ডারদের আদেশের প্রতিবাদ এই প্রথম যা সরকারি অনুষ্ঠনে হয়েছিল। বস্তুত ভাষা আন্দোলনের প্রথম প্রতিবাদ ছিল এটি।
প্রদেশের সকল পারিষদের সামনে এই বিদ্রোহী প্রতিবাদ কি ব্রিগেডিয়ার আইউব খান সহজে হজম করার মানুষ? তাৎক্ষণিকভাবে তেমন কোনো প্রতিক্রিয়া না দেখালেও পরে বৈষম্যের আসল রূপ প্রকাশ পায়। তিন মাসের মধ্যে দু’বার পদোন্নতি দিয়ে তা বাতিল করে পূর্ব পদে বহাল করে মেজর গণিকে বদলি করে দেয়া হয়। রিক্রুটিং অফিসার হিসেবে সারাদেশ সফর করে রেজিমেন্টের জন্য সেরা যুবকদের বাছাই করে প্রথম ও দ্বিতীয় রেজিমেন্টের জনবল পুরো করেছিলেন। এটি তিনি এক চ্যালেঞ্জ হিসেবে নিয়ে ছিলেন। কিন্তু ঘাম ও রক্ত দিয়ে যে প্রতিষ্ঠান গড়ে শক্ত ভিত্তিতে তৈরি করেছিলেন তাতে কাজ করার সুযোগ পেলেন না।
বৈষম্য ও নীতিগত কারণে কতৃর্পক্ষের সাথে বনিবনা হচ্ছিল না। পাকিস্তানি সামরিক কমান্ডারদের বৈরি মনোভাবের কারণে তিনি শারিরীক কারণ দেখিয়ে সেনাবাহিনী থেকে ৬ নভেম্বর ১৯৫৩ অব্যাহতি লাভ করেন। চাকরি থেকে অব্যহতি পাবার পরের মাস জানুয়ারি ১৯৫৪ সালে তার নির্বাচনী এলাকার প্রাদেশিক পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন এবং যুক্তফ্রন্ট মনোনীত প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে এক ঐতিহাসিক বিজয় লাভ করেন।
তিনি রাজনৈতিক কার্যধারার একজন সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন এবং কেন্দ্রীয় সরকার কর্তৃক পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও নিরাপত্তার জন্য অনকে প্রস্তাব রেখেছিলেন। গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো ছিল দেশের এই অংশে সশস্ত্র বাহিনীর সকল উপাদান স্থাপন, প্রাক্তনদের পুনর্বাসনের ও কল্যাণ।
বলা বাহুল্য যে, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অনুরূপ আরেকটি বাহিনীর অগ্রদূত তা হল বাংলাদেশ ইনফেট্রি রেজিমেন্ট। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কিছু ইউনিট দিয়ে ২০০০ সালে যাত্রা শুরু করানো হল একটি পদাতিক রেজিমেন্ট হিসেবে বাংলাদেশ ইনট্রেট্রি রেজিমেন্টের। সুতরাং পদাতিক বাহিনী যা সেনাবাহিনীর মূল ফাউন্ডেশন—এটি দেশপ্রেমিক মেজর গণিরই দূরদৃষ্টি ও কর্মের ফসল।
তিনি ২৮ শে অক্টোবর থেকে ১ নভেম্বর ১৯৫৭ পর্যন্ত বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব ভেটেরান্স কনফারেন্সে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়ে জার্মানি গমন করেন।
তিনি ১১ নভেম্বর ১৯৫৭ মধ্য রাতে বার্লিনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাকে ১৭ নভেম্বর ১৯৫৭ কুমিল্লা সেনানিবাসে দাফন করা হয়।
আগামী ১১ নভেম্বর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া ক্লাবে মেজর গণির স্মরণে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সকালে কুমিল্লা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তার সমাধিতে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানানো হবে। এ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি ইউনিটে মেজর গণির আত্মার মাগফেরাত ও পরিবারের কল্যাণ চেয়ে দোয়া অনুষ্ঠিত হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








