নিকাহ
নিকাহ রেজিস্ট্রারদের সংবাদ সম্মেলন। সংগৃহীত

একই ইউনিয়ন পরিষদ এলাকায় একাধিক কাজী নিয়োগের সিদ্ধান্ত বাতিলসহ ৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ। 

Advertisement

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়। দাবিগুলোর মধ্যে রয়েছে-১. মুসলিম বিয়ে ও তালাক নিবন্ধন বিধিমালা অনুযায়ী বর্তমানে প্রচলিত নিকাহ রেজিস্ট্রারদের কর্ম-অনিক্ষেত্র ও অধিকার সম্পূর্ণভাবে বহাল রাখতে হবে। কোনোভাবেই বিদ্যমান কর্ম অধিক্ষেত্র বিভক্ত করে একজনের স্থলে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের বিধান করা যাবে না। ২. মুসলিম বিয়ে ও তালাক নিবন্ধন বিধিমালা প্রণয়ন ও সংশোধনসংক্রান্ত কমিটিতে সারাদেশের নিকাহ রেজিস্ট্রারদের পক্ষ থেকে কমপক্ষে দুইজন যোগ্য ও অভিজ্ঞ প্রতিনিধিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। ৩. নিকাহ রেজিস্ট্রার পদে নিয়োগের ক্ষেত্রে মাদরাসাভিত্তিক ধর্মীয় শিক্ষা, ইসলামী শরিয়ত, মুসলিম পারিবারিক আইন এবং বিয়ে ও তালাক নিবন্ধনসংক্রান্ত প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা নিশ্চিত করতে হবে। এসব যোগ্যতা বিবেচনা না করে শুধুমাত্র সাধারণ শিক্ষাগত ডিগ্রির ভিত্তিতে নিয়েগের প্রস্তাব বাতিল করতে হবে। ৪. নিকাহ রেজিস্ট্রারদের কর্ম-অধিক্ষেত্র ও নিয়োগসংক্রান্ত বিতর্কিত প্রস্তাবিত বিধিমালা বাতিল করে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য, যুগোপযোগী ও বাস্তবসম্মত বিধিমালা প্রণায়ন করতে হবে। এবং ৫. সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন পেশাজীবি শ্রেণীর বেতন-ভাতা ও অনান্য সুযোগ সুবিধা দ্রব্যমূল্য উর্দ্ধগতির সাথে সামঞ্জস্য রেখে দ্বিগুণ করা হলেও মুসলিম নিকাহ রেজিস্ট্রারদের বিয়ে রেজিস্ট্রেশন ফি বৃদ্ধি করা হয়নি। তাই হাজারে ১৪ টাকার পরিবর্তে ২০ টাকা যা ৫ লাখ টাকা পর্যন্ত এবং পরবর্তী প্রতি লাখে ১০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা করা। তালাক রেজিস্ট্রেশন ফি ১০০০ টাকার পরিবর্তে ২০০০ টাকা করা। বিয়ের নকল ফি ৫০ টাকার পরিবর্তে ২০০ টাকা করা। কমিশন ফি ৫০০ টাকা করা।

সংবাদ সম্মেলনে বলা হয়, আমরা প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, আইন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সকল দায়িত্বশীল ব্যক্তির প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি- আমাদের দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনা করুন এবং যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে নিকাহ রেজিস্ট্রারদের প্রতিনিধিদের সাথে আলোচনায় বসুন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে এ সমস্যার একটি ন্যায়সংগত ও গ্রহণযোগ্য সমাধান সম্ভব।

Advertisement

সংবাদ সম্মেলনে বলা হয়, আমাদের ন্যায়সংগত দাবিগুলো বাস্তবায়ন এবং অধিক্ষেত্র সুরক্ষিত রাখার দাবিতে আগামীকাল সোমবার (৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এবং প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীকে স্মারক লিপি প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি মাওলানা শাহ মো: নেছারুল হক, মহাসচিব মাওলানা কাজী মো: সেলিম রেজা, মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি মাওলানা কাজী মো: নজরুল ইসলাম তালুকদার, নিকাহ রেজিস্টার ইকবাল হোসেন, আশরাফ উদ্দিন ভুইয়া, নুরুল আমিন, মফিজুল ইসলাম, আজিজুল হক সুমন, মশিউর রহমান, শিহাব উদ্দীন, ইয়াহিয়া মাসুদ ও আব্দুর রাজ্জাক প্রমুখ।