
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতারা বলেছেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণের প্রেরণা ৭ নভেম্বরের চেতনা।
তারা বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের সূচনালগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে মুক্তির পথ দেখিয়েছিল।
শনিবার (৭ নভেম্বর) বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের এই দিনে দেশের সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সকল চক্রান্ত রুখে দিয়েছিল। ১৯৭৫ সালের ৭ নভেম্বর জিয়াউর রহমানের অসীম সাহস, দূরদর্শী নেতৃত্ব, ইস্পাতকঠিন মনোবল ও প্রগাঢ় দেশপ্রেম বিশৃঙ্খলা, নৈরাজ্য ও গভীর সঙ্কট মোকাবেলা করে বহুদলীয় রাজনীতির এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল।
তারা আরো বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের গতিপথ নির্ণয়ের তারিখ। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ভূলুণ্ঠিত করে যারা এ দেশকে একটি তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল এবং জনগণের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার হরণ করে দেশে একদলীয় স্বৈরাচারী শাসন কায়েম করতে চেয়েছিল, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের এই দিনে দেশপ্রেমিক সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে তাদের পরাজয় ঘটেছে।
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন জানায়, দেশীয় ও আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র ছিন্ন করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাসহ দেশপ্রেমের গভীর আদর্শে উজ্জীবিত হয়ে প্রজাতন্ত্রের কর্মে আত্মনিয়োগে ৭ নভেম্বরের মহান চেতনাই তাদের প্রেরণার উৎস। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








