পোশাক কারখানার নিরাপত্তা, শ্রমিক অসন্তোষ, শিল্পাঞ্চলে বিজিবি মোতায়েন, ঢাকা শিল্পাঞ্চল, সাভার আশুলিয়ায় বিজিবি, গাজীপুরে বিজিবি, নারায়ণগঞ্জে বিজিবি, শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন। সংগৃহীত

শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসব সদস্য দায়িত্ব পালন করছেন।

Advertisement

বৃহস্পতিবার বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো: শরীফুল ইসলাম এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান।

বার্তায় জানানো হয়, মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে মিরপুর এলাকায় তিন প্লাটুন, সাভার ও আশুলিয়া এলাকায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে সাত প্লাটুন দায়িত্ব পালন করছেন।

যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করতে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) ও রায়ট কন্ট্রোল ভেহিকল (আরসিভি) মোতায়েন করা হয়েছে।

বার্তায় আরো জানানো হয়, নিরাপত্তা কার্যক্রম আরো কার্যকর ও গতিশীল করতে প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় ড্রোনের মাধ্যমে লাইভ মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি দায়িত্ব পালনের সময় বডি ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করছেন বিজিবি সদস্যরা। বিজিবি সদর দফতরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে।

শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সাথে সমন্বয় করে সতর্ক অবস্থানে রয়েছেন। সংশ্লিষ্ট এলাকার সার্বিক পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

জননিরাপত্তা নিশ্চিত করা, শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির এ তৎপরতা অব্যাহত থাকবে বলেও ক্ষুদে বার্তায় উল্লেখ করা হয়।