ইনিংস ও ২১৯ রানে হেরে টেস্ট সিরিজ হাতছাড়া বাংলাদেশের
দ্বিতীয় টেস্টে ইনিংস ও ২১৯ রানে হেরে টেস্ট সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। ক্রিকইনফো
ads

সেঞ্চুরিয়নে লড়াইয়ের সামর্থ্য দেখানোর মতো কিছুই করতে পারল না বাংলাদেশ। প্রথম ইনিংসে ৯১ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয় এড়াতে পারেনি নাজমুল হোসেনের দল। ৪৯.৪ ওভারে ১৮৪ রানে গুটিয়ে গেছে টাইগাররা।

শেষ পর্যন্ত ইনিংস ও ২১৯ রানের বিশাল ব্যবধানে হেরে সিরিজ শেষ করল বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজ দক্ষিণ আফ্রিকা জিতে নিলো ২-০ ব্যবধানে। সেই সাথে প্রোটিয়াদের সাথে টেস্ট জয়ের অপেক্ষা বাড়ল টাইগারদের।

আরো পড়ুন : আরো কমলো স্বর্ণের দাম

প্রথম ইনিংসে বাংলাদেশের ৯১ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ৪৯৪ রান করে ইনিংস ঘোষণা করেছিল। তাতে ৪০৩ রানের বিশাল লিড পায় স্বাগতিকরা। ইনিংস হার এড়াতে বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল পাহাড়সম। কিন্তু দ্বিতীয় ইনিংসেও ব্যাটারদের ব্যর্থতায় সেই চ্যালেঞ্জ উতরানো সম্ভব হয়নি।

তৃতীয় দিন ৪০৩ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান ও মাহফিজুল ইসলাম শুরুতে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। দুজনের উদ্বোধনী জুটিতে আসে ৫৮ রান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের এটিই সর্বোচ্চ উদ্বোধনী জুটি। আগের রেকর্ডটি ছিল আল শাহরিয়ার ও হান্নান সরকারের, ২০০২ সালে পচেফস্ট্রুমে ৫২ রান। তানজিদ ২৯ রান করে ফিরলে ভাঙে সেই জুটি। 

এরপর কোনো রান করেই মুমিনুল হকও ফেরেন সাজঘরে। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান অভিষিক্ত মাহফিজুল। ৩৮ রান করে ইয়ানসেনের শিকার হন তিনি।

এরপর নাজমুল হোসেন ও তাওহীদ হৃদয় মিলে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। বিশেষ করে হৃদয়ের ব্যাটে ছিল আক্রমণাত্মক মনোভাব। ৩৩ বলে ৪১ রান করে রাবাদার বলে আউট হন তিনি।

এরপর শান্ত অবশ্য এক প্রান্তে টিকে থাকার চেষ্টা করলেও বড় ইনিংস খেলতে পারেননি।  ১০১ বল খেলেও ৩৪ রানের বেশি করতে পারেনি। ৮ম উইকেট হয়ে ফেরেন তিনি।
মাঝে লিটন দাসও থিতু হতে পারেননি, ফেরেন ১৭ রান করে। 

শেষ দিকে উইয়ান মুল্ডারের তোপে দ্রুত গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। জাকের আলী ও শরীফুল ইসলামকে পরপর দুই বলে বোল্ড করে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন মুল্ডার। হ্যাটট্রিক না পেলেও ৫ উইকেট নেন তিনি।

তাতে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দিতে বেশি সময় লাগেনি দক্ষিণ আফ্রিকার। শেষ ২৬ রানে ৫ উইকেট হারায় টাইগাররা। ফলে প্রথম ইনিংসে ৯১ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতায় বড় হার নিয়ে মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে।