
বগুড়ার ধুনটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান গ্রামের বিপ্লব সরকারের ছেলে উজ্জ্বল সরকার (২৫) ও শেরপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের সহদেব চন্দ্রের ছেলে শিখর চন্দ্র (২২)। তারা দু’জনই বগুড়া সরকারি সুলতান কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার উজ্জ্বল সরকার নিজের বিয়ের কার্ড দিতে বন্ধু শিখর চন্দ্রের বাড়ি শেরপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামে যান। পরে দুপুরে শিখরকে সাথে নিয়ে মোটরসাইকেলে ধুনটের দিকে ফিরছিলেন তিনি। পথে মাঠপাড়া এলাকায় পৌঁছালে ধুনট থেকে শেরপুরগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে উজ্জ্বল সরকার ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত শিখর চন্দ্রকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









