
রাজশাহীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন। নদী দখল, দূষণ, অবৈধ বালু উত্তোলন ও নাব্যতা সঙ্কট নিরসনে সমন্বিত উদ্যোগ গ্রহণসহ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা, গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন এবং নদী সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ ১৭ দফা দাবিতে এ স্মারকলিপি দেয়া হয়।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে নদী বাঁচাও আন্দোলনের রাজশাহী জেলা শাখার প্রতিনিধিরা জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে নদী ও পরিবেশ রক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলা হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যা, শুষ্ক মৌসুমে পানির তীব্র সঙ্কট, নদী দখল, অবৈধ বালু উত্তোলন, শিল্পবর্জ্য ও প্লাস্টিক দূষণ এবং নদীভাঙনের মতো সমস্যা ক্রমেই প্রকট হচ্ছে। রাজশাহীর পদ্মা নদী এসব সংকটের অন্যতম বাস্তব উদাহরণ।
সংগঠনটির ১৭ দফা দাবির মধ্যে রয়েছে, নদী রক্ষায় পানি উন্নয়ন বোর্ড, কৃষি মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক ও জনপথ অধিদপ্তর, জাতীয় নদী রক্ষা কমিশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কমিটির চূড়ান্ত মতামত বাধ্যতামূলক করা। শিল্পকারখানায় ২৪ ঘণ্টা ইটিপি চালু রাখা এবং নদীতে বর্জ্য ফেলা বন্ধে কঠোর নজরদারি নিশ্চিত করা। জেলা পর্যায়ে কমিটি গঠন করে প্রতি তিন মাস অন্তর নদীর পাড় সরেজমিনে পরিদর্শন, প্রতিবেদন প্রকাশ এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা।
এ ছাড়া পরিকল্পিতভাবে নদী খনন, ড্রেজিং ও বালু-পলি অপসারণ, মৃত ও ভরাট হয়ে যাওয়া নদী, খাল, পুকুর ও দিঘি পুনঃখনন করে সুপেয় পানির জলাধার তৈরি এবং হাওর ও পাহাড়ি অঞ্চলের নদী থেকে অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধের দাবি জানানো হয়েছে। পতিত নদীর মুখের বাঁধ অপসারণ, মা মাছ রক্ষায় বিষ ও কারেন্ট জালের ব্যবহার বন্ধ এবং নদীভাঙন ও বন্যা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় বাঁধ নির্মাণের কথাও বলা হয়েছে।
নদীবন্দরগুলো পুনর্গঠন ও সংস্কার, অপরিকল্পিত সেতু, কালভার্ট ও স্লুইসগেট অপসারণ করে নৌযান চলাচল উপযোগী সেতু নির্মাণ এবং নদীর পরিচিতিমূলক নামফলক স্থাপনের দাবিও রয়েছে। নদীর তীরে সবুজ বেষ্টনী গড়ে তোলা, জলজ প্রাণী ও মৎস্যসম্পদের অভয়াশ্রম তৈরি এবং দূষিত নদীগুলোতে পানি পরিশোধন ও প্রবাহ সচল রাখার ব্যবস্থার কথাও উল্লেখ করা হয়।
স্মারকলিপিতে বাংলাদেশ, ভারত, চীন, নেপাল, ভুটান ও মিয়ানমারকে নিয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক নদী কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে, জাতিসংঘের ১৯৯৭ সালের আন্তর্জাতিক পানিপ্রবাহ কনভেনশনে বাংলাদেশের সমর্থন এবং যৌথ নদী কমিশনের কূটনৈতিক তৎপরতা জোরদারের দাবিও জানানো হয়।
পাশাপাশি পাঠ্যপুস্তকে নদী রক্ষাবিষয়ক গল্প, কবিতা ও নাটক অন্তর্ভুক্তি, চলচ্চিত্র নির্মাণ এবং নদীতীরবর্তী মানুষের প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। ছোট ও মাঝারি নদী-নালা, খাল-বিলকে সামাজিক মৎস্য চাষের আওতায় এনে মাছের ডিম, পোনা ও জাটকা রক্ষায় প্রজনন মৌসুমে জেলেদের বিকল্প কর্মসংস্থান ও আর্থিক প্রণোদনা দেওয়ার কথাও বলা হয়েছে। বন্যাকবলিত এলাকায় আগাম সতর্কীকরণ এবং উন্নত ও স্বল্পমেয়াদি ফসল চাষের মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানোর প্রস্তাব রয়েছে।
এ ছাড়া নদী, খাল-বিল, দিঘি-পুকুর ও জলাশয়ে তেল, প্লাস্টিক বোতল, পলিথিন ও গৃহস্থালি বর্জ্য ফেলা বন্ধে আইনগত ব্যবস্থা এবং জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের দাবি জানানো হয়।
স্মারকলিপিতে বলা হয়, ১৭ দফা দাবি বাস্তবায়ন করা হলে জেলার নদ-নদীগুলো আবার প্রাণ ফিরে পাবে এবং পরিবেশ সংরক্ষণে সরকারের অঙ্গীকার আরও সুদৃঢ় হবে। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানানো হয়।
বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের রাজশাহী জেলা শাখার সভাপতি অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ ও সাধারণ সম্পাদক প্রকৌশলী আহসান হাবিব স্মারকলিপিতে স্বাক্ষর করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









