
ইরানে সরকার পরিবর্তন করা সম্ভব হলেও সেটি যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকা ঠেকানোই তার মূল উদ্দেশ্য। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধ জানুয়ারির শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত অর্থ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বলেও দাবি করেছেন তিনি।
তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু বুধবার (২৫ নভেম্বর) আরো জানায়, নিউইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। তিনি জানান, চাইলে যেকোনো সময় এই যুদ্ধের অবসান ঘটাতে পারে ওয়াশিংটন।
ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, এটি ‘সম্ভবত করা যায়’, তবে সেটি তার প্রধান লক্ষ্য নয়। তিনি বলেন, ‘আমি শুধু চাই না, তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকুক। সরকার পরিবর্তনের পক্ষে বা বিপক্ষে আমি কখনোই ছিলাম না। এটি কখনোই আমার বিবেচনার বিষয় ছিল না।’
ইরানে সরকার পরিবর্তন
প্রধান লক্ষ্য
নয়
সাক্ষাৎকারে কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যদেরও সমালোচনা করেন ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, যুদ্ধের ওপর নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা করলে যুক্তরাষ্ট্রের কথিত বিজয় পরাজয়ে পরিণত হতে পারে।
ট্রাম্প বলেন, ‘তারা নিশ্চিত বিজয়কে পরাজয়ে পরিণত করবে।’ তার দাবি, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করে দেয়া হয়েছে। দেশটির নেতৃত্বকেও নির্মূল করা হয়েছে।
জানুয়ারিতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের স্বাধীনতা সীমিত হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তত দিন পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো আর্থিক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের রয়েছে।
নিউইয়র্ক পোস্টকে ট্রাম্প বলেন, ‘মোটামুটি জানুয়ারির শেষ পর্যন্ত যুদ্ধ চালানোর অর্থ আমাদের আছে।’ তবে তিনি আবারো বলেন, ‘আমরা যখন চাইব, তখনই এই যুদ্ধের ইতি টানতে পারব।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









