
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘রোববারের মধ্যে মজুরি বোর্ড গঠন করে বিকেলে গেজেট প্রকাশ করা হয়েছে এবং ইতিহাসের সবচেয়ে কম সময়ে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে বেতন কাঠামোর প্রস্তাব তৈরি এবং জানুয়ারির মধ্যে তা কার্যকর করা হবে।’
বুধবার (৪ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকার, শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে আয়োজিত ত্রিপক্ষীয় বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন।
শ্রমিকদের কাজে যোগ দেয়ার আহ্বান জানয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘কারখানা বাঁচলে আয় বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং মজুরি বৃদ্ধি পাবে। আপনারা কারখানায় ফিরে যান এবং কোনো প্রস্তাব থাকলে তা লিখিতভাবে মজুরি বোর্ডে দিন। রাষ্ট্রকে অস্থিতিশীল ও শিল্প ধ্বংস করার কোনো প্ররোচনায় কান দেবেন না। আন্দোলনে কোনো নিরীহ শ্রমিক গ্রেফতার হয়ে থাকলে তাদের মুক্ত করার নির্দেশনা দেওয়া হবে। একইসাথে, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ’
মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘শ্রম আন্দোলনে গাজীপুরে নিহত শ্রমিক ভাইয়ের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রাথমিকভাবে এক লাখ টাকা অর্থসহায়তা দেয়া হয়েছে। পাশাপাশি এ নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘শ্রমিকদের সুবিধার কথা বিবেচনা করে টঙ্গীতে ১০০ শয্যার শ্রমজীবী বিশেষায়িত হাসপাতাল নির্মাণের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বল্প সময়ের নোটিশে বৈঠক ডাকার পরও সব পক্ষের অংশগ্রহণের প্রশংসা করে তিনি বলেন, এটি প্রমাণ করে যে দেশ ও শিল্পের স্বার্থে আমরা সবাই আন্তরিক।’
প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, ‘পোশাক খাতের প্রতি সরকার অত্যন্ত আন্তরিক। মজুরি বোর্ডের প্রতি পূর্ণ আস্থা রেখে তিনি আশা প্রকাশ করেন, তারা শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি ও স্বার্থ নিশ্চিত করবেন।’
বৈঠকে শ্রমিক প্রতিনিধিরা মজুরি বোর্ড দ্রুত গঠন করায় সরকারকে ধন্যবাদ জানান এবং শ্রমিকদের শান্ত থেকে কাজে ফেরার আহ্বান জানান।
অন্যদিকে, মালিকপক্ষের প্রতিনিধিরা শ্রমিকদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং মজুরি বৃদ্ধির পাশাপাশি শিল্প এলাকায় আইন করে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের উদ্যোগ নিতে সরকারের প্রতি অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদারসহ সরকারের শীর্ষ কর্মকর্তা, শ্রমিক সংগঠন ও মালিকপক্ষের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








