
সৌদি আরবের দাম্মাম রুটে আগামী ৭ নভেম্বর থেকে আবারো ফ্লাইট পরিচালনা শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থাটি।
এর আগে, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ইয়েমেনের হাউছি গোষ্ঠীর হামলার পরিপ্রেক্ষিতে দাম্মাম ও রিয়াদ রুটে ৪ নভেম্বর পর্যন্ত ফ্লাইট বাতিল ও স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল বিমান।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে প্রতিদিন দিনের বেলায় ফ্লাইট পরিচালনা করা হবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সূচি কার্যকর থাকবে।
অন্যদিকে, রিয়াদ রুটে যাত্রীসংখ্যা কমে যাওয়ায় ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান। সংস্থাটির ভাষ্য, এ রুটের অনেক যাত্রী বিকল্প পথে সৌদি আরবে যাতায়াত করছেন। ফলে বর্তমানে পর্যাপ্ত যাত্রী না থাকায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট চালু করা হচ্ছে না।
টিকিট ও ভ্রমণ-সংক্রান্ত তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগের পরামর্শ দেয়া হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








