
সিলেট সফররত পর্তুগিজ রাজকন্যা ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা বলেছেন, ‘আমরা সিলেট টি ব্র্যান্ডটিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। কারণ এটি সত্যিই অসাধারণ এবং বাংলাদেশ সত্যিই আমাদের হৃদয় ছুঁয়ে গেছে।’
রোববার (২২ অক্টোবর) রাতে সিলেটের একটি হোটেলে চা কর ও ব্যবসায়ীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে পর্তুগিজ রাজকন্যা ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা বাংলাদেশের অর্থনীতি ও সংস্কৃতিতে চায়ের গুরুত্বের কথা বলতে গিয়ে নিজের পরিবারের ইতিহাসে মনে করিয়ে দেন।
রাজকন্যা ইনফান্তা বলেন, আমার মনে হয় চা এমন একটি জিনিস, এটি বাংলাদেশের অনেক বড় একটি সম্পদ। যেহেতু, আমার পূর্বপুরুষই এটি ইংল্যান্ডে নিয়ে গিয়েছিলেন, তাই এটি আমার কাছে খুবই অর্থবহ মনে হয়েছে। এ প্রকল্প ও লন্ডন টি এক্সচেঞ্জের সাখে যুক্ত হতে পারা আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয়। আর আমার পরিবারের নামে একটি চা থাকা খুবই বিশেষ ব্যাপার।
বাংলাদেশের চায়ের ঐতিহ্য ও সম্ভাবনার প্রশংসা করে তিনি ইউরোপের বিভিন্ন দেশে সিলেটের চায়ের পরিচিতি বাড়াতে তার সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। অনুষ্ঠানে বাংলাদেশের চায়ের দরপতন, নিলাম দর ও অর্থায়নের সমস্যা নিয়েও আলোচনা হয়।
লন্ডন টি এক্সচেঞ্জের সাথে যুক্ত হয়ে সিলেটের চা বিশ্ব পরিসরে, বিশেষ করে ইউরোপের বাজারে পরিচিত করাতে চান পর্তুগালের রাজপরিবারের হাউস অব ব্রাগাঞ্জার সদস্য ডাচেস অব কোইমব্রা ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা। তার উদ্যোগে, পর্তুগিজ রাজপরিবারের নামে বিশ্ববাজারে যাচ্ছে সিলেটের চা। ঢাকা ও সিলেটে চলতি সপ্তাহে ‘লন্ডন টি এক্সচেঞ্জ’ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সিলেটের এ বিশেষ ব্লেন্ডের চা পর্তুগিজ রাজপরিবার হাউস অব ব্রাগাঞ্জার ঐতিহ্যের সাথে যুক্ত করে সিলেট টি-দ্য ব্রাগাঞ্জা ব্লেন্ড নামকরণ করা হয়। অনুষ্ঠানে রাজকন্যা ‘সিলেট টি-দ্য ব্রাগাঞ্জা ব্লেন্ড’ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে লন্ডন টি এক্সচেঞ্জ ও গ্লোবাল ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক শেখ অলিউর রহমান বলেন, উৎপাদন খরচের সাথে সামঞ্জস্য রেখে চায়ের দাম বাড়ানো এবং বাগানগুলোর জন্য কম সুদে অর্থায়ন নিশ্চিত করা জরুরি।
অধ্যাপক শেখ অলিউর রহমান বলেন, ভারত তাদের আসাম ও দার্জিলিং এবং শ্রীলঙ্কা তাদের সিলন চায়ের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে শক্তিশালী আঞ্চলিক ব্র্যান্ড তৈরি করেছে। বাংলাদেশেও সিলেটের চা আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যেই লন্ডন টি এক্সচেঞ্জ বাংলাদেশের উন্নতমানের চা সংগ্রহ, মান নিয়ন্ত্রণ, ব্র্যান্ডিং ও রপ্তানিতে বিশেষ উদ্যোগ নিয়েছে।
তিনি জানান, সিলেটে প্রতিষ্ঠানটির প্যাকেজিং ইউনিট, চা পরীক্ষা সুবিধা এবং ওয়্যারহাউজ প্রতিষ্ঠা করা হয়েছে। এসব অবকাঠামো বাংলাদেশের চায়ের মান নিয়ন্ত্রণ ও রপ্তানি কার্যক্রমকে আরো গতিশীল করতে সহায়তা করবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









