একনেকের বৈঠক
একনেকের বৈঠক। ফাইল ছবি

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চলতি ২০২৬-২৭ অর্থবছরের ষষ্ঠ সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে মোট ১৪টি উন্নয়ন প্রকল্প বিবেচনার জন্য উপস্থাপন করা হবে।

Advertisement

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় সংশ্লিষ্ট মন্ত্রীরা ইতোমধ্যে অনুমোদন দিয়েছেন এমন পাঁচটি প্রকল্পের তালিকাও অবহিত করা হবে। 

এছাড়া সমন্বিত দর তফসিলের খসড়া ও অন্যান্য বিষয়ে আলোচনা করা হবে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ১৪টি প্রকল্পের মধ্যে বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সড়ক ও ড্রেনেজ অবকাঠামো, বরিশাল সিটি করপোরেশনের খাল পুনরুদ্ধার ও পুনঃখনন এবং নির্বাচিত পৌরসভাগুলোতে স্থানীয় অর্থনৈতিক উন্নয়নের উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া ‘ইনোভেশন ফর ক্লাইমেট-স্মার্ট আরবান ডেভেলপমেন্ট’ শীর্ষক একটি প্রকল্প এবং বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে বিশেষায়িত ও কার্যক্রম পরিচালনার উপযোগী যানবাহন কেনার পৃথক দু’টি প্রকল্প রয়েছে।

প্রকল্প তালিকায় ঢাকা সেনানিবাসের মঈনুল রোড আবাসিক এলাকায় বি-টাইপ কর্মকর্তাদের আবাসিক ভবন এবং জিগাতলার গাবতলা কলোনিতে সরকারি কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণের প্রস্তাবও রয়েছে।

এছাড়াও, পাঁচটি মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে নিউক্লিয়ার মেডিসিন ও সংশ্লিষ্ট বিজ্ঞান ইনস্টিটিউট (ইনমাস) প্রতিষ্ঠা এবং নেত্রকোণা বিশ্ববিদ্যালয় স্থাপনের দ্বিতীয় সংশোধিত প্রকল্প বিবেচনা করা হবে।

তিতাস গ্যাস ফিল্ডে তিতাস-৩২ ও তিতাস-৩৩ নামে দু’টি মূল্যায়ন ও উন্নয়ন কূপ খননের প্রস্তাবও সভায় উপস্থাপন করা হবে।

অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে তুরাগ নদীর পরিবেশগত সংকটাপন্ন এলাকায় (ইসিএ) সমন্বিত দূষণ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলতে ‘মেট্রো ঢাকা ওয়াটার সিকিউরিটি অ্যান্ড রেজিলিয়েন্স প্রোগ্রাম’ এবং গ্রামীণ সড়কে ১৫ মিটার পর্যন্ত দৈর্ঘ্যের সেতু ও কালভার্ট নির্মাণের তৃতীয় সংশোধিত প্রকল্প।

সংশ্লিষ্ট মন্ত্রীদের দ্বারা ইতোমধ্যে অনুমোদিত পাঁচটি প্রকল্পের মধ্যে রয়েছে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে কার্ডিয়াক চিকিৎসা সেবার আধুনিকায়ন, শিশু ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিতকরণ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ট্রাফিক অবকাঠামো ও সড়ক নিরাপত্তা উন্নয়ন।

এই তালিকায় আরো রয়েছে ঢাকা কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সম্প্রসারণ ও আধুনিকায়ন এবং গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে আধুনিক যানবাহন ও যন্ত্রপাতি সংগ্রহ।

সভায় খসড়া সমন্বিত দর তফসিল নিয়েও আলোচনা হবে এবং তা অনুমোদনের সম্ভাবনা রয়েছে। বাসস