বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ
বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ধর্মীয় পরিচয় যা-ই হোক, বাংলাদেশের প্রতিটি নাগরিকের অধিকার সমান। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই এ দেশের নাগরিক। ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখা কিংবা কোনো সম্প্রদায়কে হীনম্মন্যতায় ভোগানোর সুযোগ নেই। সবাইকে সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করতে হবে।

Advertisement

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা ধর্মসাগর পাড় দলীয় কার্যালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশন, কুমিল্লা আদর্শ সদর ও সদর দক্ষিণ এলাকার হিন্দু ধর্মাবলম্বীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনারা এ দেশের ভূমিপুত্র, আমিও এ দেশের ভূমিপুত্র। আমার যতটুকু অধিকার আছে, আপনাদেরও ততটুকু অধিকার আছে। অধিকার কেউ কাউকে দিয়ে দেয় না, নিজের অধিকার নিজেকেই ভোগ করতে হয়।

ধর্মীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে পারস্পরিক সম্প্রীতি ও মানবিক সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, একজন মুসলমান ও একজন হিন্দুর রক্তের রং একই। বিপদে একজন আরেকজনের পাশে দাঁড়ানোই মানুষের ধর্ম। একজনের প্রয়োজনে অন্যজন সহযোগিতার হাত বাড়িয়ে দিলে সমাজে বিভেদ কমবে এবং পারস্পরিক আস্থা বাড়বে।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, পূজা উদযাপনে সরকার সাধ্য অনুযায়ী সহযোগিতা করছে। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে। তবে সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও অসচ্ছল প্রতিবেশীদের পাশে দাঁড়াতে হবে। বাসস