দুর্গাপূজায় ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ দিয়ে নজরদারি করবে আনসার
দুর্গাপূজায় ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ দিয়ে নজরদারি করবে আনসার। সংগৃহীত

 

Advertisement

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ ব্যবহার করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। অ্যাপটির মাধ্যমে পূজামণ্ডপে দায়িত্ব পালনকারী সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ, তথ্য আদান-প্রদান ও দ্রুত সমন্বিত পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি সার্বজনীন পূজা উদযাপন কমিটির পূজামণ্ডপ পরিদর্শনকালে এ তথ্য জানান বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

তিনি বলেন, দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে। ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে দায়িত্বে নিয়োজিত সদস্যদের প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার আওতায় আনা হয়েছে। এতে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ, তথ্য আদান-প্রদান এবং দ্রুত সমন্বিত পদক্ষেপ গ্রহণ সহজ হবে।

মহাপরিচালক পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বে নিয়োজিত আনসার-ভিডিপি সদস্যদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি নিরাপত্তা প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন।

যেকোনো ধরনের নাশকতা, অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা প্রতিরোধে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

পূজার সময় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও সহযোগিতাপ্রবণ থাকার আহ্বান জানান মহাপরিচালক।

উল্লেখ্য, দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে দুই লক্ষাধিক প্রশিক্ষিত আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবেলায় আনসার ব্যাটালিয়নের ১০৪টি স্ট্রাইকিং টিম টহলে থাকবে।

এছাড়া, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের পূজামণ্ডপে আধুনিক প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল নজরদারি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যেকোনো পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে সার্বিক নিরাপত্তাব্যবস্থা তদারকি করা হচ্ছে। বাসস