ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি
ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি । সংগৃহীত ছবি
ads

ইরানের বিরুদ্ধে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে আসা হুমকির উৎসকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির শীর্ষ সামরিক কমান্ডার। শনিবার (২৮ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যম পার্সটুডে এ তথ্য জানিয়েছে।

ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো শত্রুতামূলক পদক্ষেপ নেয়া হলে তার জবাব নির্দিষ্ট কোনো ভৌগোলিক সীমার মধ্যে সীমাবদ্ধ থাকবে না।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ-সংক্রান্ত নথিপত্রের একটি প্রদর্শনী পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, যেকোনো শত্রুতামূলক পদক্ষেপের জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। 

হায়দারি বলেন, শত্রুপক্ষ যদি ভুল করে এবং ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালায়, তাহলে বিশ্বের যেকোনো দেশে যে স্থান থেকে ইরানের জন্য হুমকি সৃষ্টি হবে, সেটিকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে এবং সেই উৎসকে লক্ষ্য করা হবে।

ইরান বারবার সতর্ক করে বলেছে, দেশটির বিরুদ্ধে যেকোনো সামরিক পদক্ষেপ নেয়া হলে হামলার উৎস যেখানেই থাকুক, তার জবাব দেয়া হবে।

এছাড়া তেহরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর গুরুত্ব তুলে ধরে এর নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ এই পানিপথের ওপর নিজেদের নিয়ন্ত্রণের বিরুদ্ধে যেকোনো হুমকির বিষয়ে সতর্ক করেছে।

ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি এবং ইরানের জন্য সময়সীমা নির্ধারণের প্রচেষ্টাও প্রত্যাখ্যান করেন এই জ্যেষ্ঠ সামরিক কমান্ডার।

হায়দারি বলেন, হুমকি দিয়ে ট্রাম্পের ইরানের জন্য সময়সীমা নির্ধারণের অর্থ হলো, তিনি তার বিবেচনাবোধ হারিয়েছেন। কারণ, তার কথা ও কর্মকাণ্ড কখনোই ইরানের সিদ্ধান্ত নির্ধারণ করেনি কিংবা দেশটির কাছে কোনো গুরুত্ব বহন করেনি।

তিনি আরো বলেন, বিশ্বশক্তির ভারসাম্যে মৌলিক পরিবর্তন ঘটছে। যুক্তরাষ্ট্র আর বিশ্বের প্রধান শক্তি হিসেবে আগের অবস্থানে নেই।

হায়দারির ভাষায়, মুসলিম উম্মাহর নেতার পাশে দাঁড়ানো জনগণের ঈমানদীপ্ত ও প্রশংসনীয় প্রতিরোধ বিশ্বশক্তির কাঠামোতে ইসলামী ইরানের জন্য নতুন অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, ইরানের প্রতিরোধের কারণে আন্তর্জাতিক সম্প্রদায় বিশ্বশক্তির সমীকরণে দেশটির বিশেষ অবস্থান স্বীকার করতে বাধ্য হয়েছে। 

ইরানের অনন্য ভূরাজনৈতিক অবস্থানের কথা উল্লেখ করে হায়দারি বলেন, অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রেও দেশটির প্রভাব বিস্তৃত। হরমুজ প্রণালী এই প্রভাবের কেন্দ্রবিন্দু। 

তার দাবি, মুসলিম উম্মাহর নেতার পাশে থাকা ইসলামী যোদ্ধাদের প্রজ্ঞা ও দৃঢ়তার কারণে বর্তমানে প্রণালীটি বন্ধ রয়েছে।