
অনুমোদিত সীমার বাইরে গোপন গুদামে শুল্কমুক্ত মদ মজুদ রাখার অভিযোগে শেখ নুর ইসলামের মালিকানাধীন ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর চারটি ওয়্যারহাউস সিলগালা করেছে যৌথ তদন্ত দল। জানা গেছে, শেখ নুর ইসলাম জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর।
বৃহস্পতিবার (১ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর দক্ষিণ গুলশানে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১)-এর এক যৌথ অভিযানে এ ব্যবস্থা নেয়া হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ গুলশানের ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এ কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১)- এর যৌথ অভিযানে প্রাথমিকভাবে গুরুতর অসঙ্গতি পরিলক্ষিত হয়েছে।
প্রতিষ্ঠানটির অনুমোদিত/ঘোষিত ওয়্যারহাউসের সংখ্যা দু’টি। কিন্তু সরেজমিন অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি মোট চারটি ওয়্যারহাউসে পণ্য মজুদ রেখেছে। অর্থাৎ অনুমোদিত ওয়্যারহাউসের বাইরে আরো দু’টি অননুমোদিত ওয়্যারহাউসেও পণ্য সংরক্ষণ করা হয়েছে।
বিশেষ করে অননুমোদিত ওয়্যারহাউসে বন্ড সুবিধায় আমদানিকৃত শুল্কমুক্ত পণ্য স্থানান্তর বা অপসারণ রোধ এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট চারটি ওয়্যারহাউসই সিলগালা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, তদন্ত ও বিস্তারিত যাচাই কার্যক্রম চলমান রয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








