
নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘রাজনৈতিকভাবে পরাজিত ও নিষিদ্ধ ঘোষিত দলকে দেশের জনগণ আগামী এক হাজার বছরেও আর রাজনীতি করার সুযোগ দেবে না।’
তিনি বলেন, ‘দেশ থেকে পালিয়ে যাওয়া অপশক্তি বিদেশে বসে উস্কানি দিয়ে দেশে নৈরাজ্য, অরাজকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।’
রোববার (২২ নভেম্বর) বিকেলে নরসিংদী পৌরসভা প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিস্টদের আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।
খায়রুল কবির খোকন বলেন, ‘তারা রাজনৈতিকভাবে পরাজিত শক্তি। দেশ থেকে পালিয়ে গিয়ে আজকে দেশকে অস্থিতিশীল করার জন্য নৈরাজ্য ও নাশকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। সারাদেশ থেকে ভাড়া করা দুর্বৃত্ত ও সন্ত্রাসীদের এনে গোপালগঞ্জে তাণ্ডব চালানো হয়েছে।’
তিনি বলেন, ‘দুষ্কৃতিকারীরা টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এছাড়াও গত নির্বাচনে গোপালগঞ্জ থেকে বিপুল ভোটে বিজয়ী বিএনপির দুই সংসদ সদস্য— জিলানি ও সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।’
তিনি বলেন, ‘তারা নড়াইলে আমাদের দলের দু’জন ও ফরিদপুরে একজনকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। এখনো তারা সারাদেশে বিচ্ছিন্নভাবে চোরাগুপ্তা হামলা, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগ করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে।’
এমপি খায়রুল কবির বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে লড়াই-সংগ্রাম, জেল-জুলুম সহ্য করেও বিএনপি আপস করেনি কিংবা দেশ ছেড়ে পালিয়ে যায়নি। গণঅভ্যুত্থানে যে সরকারের পতন হয়েছে, যে দল নিষিদ্ধ হয়েছে এবং যার প্রধান মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় রয়েছেন তারা নতুন করে চক্রান্ত চালাচ্ছে। কিন্তু দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এই দুর্বৃত্ত ও সন্ত্রাসীদের প্রতিরোধ করছে।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম কবির কামাল, হারুন অর রশিদ, ভিজি রশিদ নওশেরসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিক্ষা চত্বরে গিয়ে শেষ হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









