আলিস আল ইসলাম
আলিস আল ইসলাম সংগৃহীত

চোটের কারণে এশিয়ান গেমসের দল থেকে ছিটকে গেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। তার জায়গায় বাংলাদেশ দলে নেয়া হয়েছে রহস্য স্পিনার আলিস আল ইসলামকে। আসন্ন এই আসরেই অভিষেক হতে পারে তার।

জাতীয় দলের হয়ে এখনো অভিষেক না হলেও সাদা বলের ক্রিকেটে অভিজ্ঞ আলিসকে কেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিনের বদলি হিসেবে বেছে নেয়া হলো, সেটির ব্যাখ্যা দিয়েছেন নির্বাচক প্যানেলের সদস্য নাঈম ইসলাম।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাইফউদ্দিনের বদলে আলিসকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ডান হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এশিয়ান গেমসে খেলা হচ্ছে না সাইফউদ্দিনের।

জাপানে অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমসে বাংলাদেশের ম্যাচগুলোতে ধীরগতির ও নিচু বাউন্সের উইকেট পাওয়ার সম্ভাবনাকে বিবেচনায় নিয়েই আলিসকে বেছে নেয়া হয়েছে বলে জানিয়েছেন নাঈম।

এই প্রসঙ্গে তিনি বলেন, ‘স্লো উইকেটে যদি কেউ ইনজুরড হয়ে যায়, একটা রিপ্লেসমেন্ট তো করতেই হবে। আমাদের কাছে বেস্ট পসিবল রিপ্লেসমেন্ট ছিল আলিস। এই কারণে আলিসকে নেয়া হয়েছে।’

জাপানের উইকেটের ধরন সম্পর্কে নাঈম বলেন, ‘জাপানের উইকেট সম্ভবত যেরকম এক্সপেক্টেড, আমাদের ধারণা চায়না, জাপান—এখানে তো স্লো থাকবে, লো থাকবে। স্পিনাররাই ওখানে বেশি কার্যকরী হবে।’

‘ভারত-জাপানের ম্যাচটাও দেখলাম, উইকেট খুব বেশি ধীরগতির ছিল। এই কারণে সাইফউদ্দিন পেস বোলার হলেও তার জায়গায় স্পিনার আলিসকেই আমাদের কার্যকর মনে হয়েছে।’

২৯ বছর বয়সী আলিস এখনো বাংলাদেশের জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। তবে ঘরোয়া সাদা বলের ক্রিকেটে তার অভিজ্ঞতা রয়েছে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে আনঅফিশিয়াল ওয়ানডে সিরিজেও খেলেছেন তিনি।

স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫৮ ম্যাচে আলিসের শিকার ৫৯ উইকেট। তার সেরা বোলিং ১৭ রানে ৪ উইকেট।

আইসিসির পূর্ণ সদস্য দেশ হিসেবে এশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করবে বাংলাদেশ। ২৯ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি।