ডিএসসিসি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ডেঙ্গু, ডেঙ্গু প্রতিরোধ, এডিস মশা, এডিস মশার প্রজননস্থল, ডেঙ্গুর প্রজননস্থল, মোবাইল কোর্ট, জরিমানা
অভিযান শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন ডিএসসিসি প্রশাসক বাসস

রাস্তা ও জনসাধারণের চলাচলের পথ দখলমুক্ত করা ও ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল শনাক্তে ডিএসসিসির অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে রাজধানীর রাজারবাগে নির্মাণাধীন একটি ভবনে পানি জমিয়ে রাখায় জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মোবাইল কোর্ট।

বুধবার রাজারবাগের মোমিনবাগের গলিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ওই নির্মাণাধীন ভবনের গ্রাউন্ড ফ্লোরে পানি জমে থাকার বিষয়টি নজরে আসে।

ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুস সালামের উপস্থিতিতে পরিচালিত এই অভিযানে এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করা হয়।

ডিএসসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করে। পাশাপাশি দ্রুত জমে থাকা পানি অপসারণ ও ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে ভবন মালিক ও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

এ সময় রাস্তা ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণের পাশাপাশি সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করা হয়। নগরীর পরিবেশ ও জনসাধারণের চলাচলের পরিস্থিতিও পরিদর্শন করেন সিটি করপোরেশনের কর্মকর্তারা।

অভিযান শেষে ডিএসসিসির প্রশাসক মো: আবদুস সালাম নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি, নির্মাণাধীন ভবন, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় পানি জমতে না দেয়ার আহবান জানান।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

একইসাথে রাস্তা, ফুটপাত ও জনসাধারণের চলাচলের জায়গা দখল করে কোনো ধরনের স্থাপনা বা প্রতিবন্ধকতা তৈরি না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয়।

ডিএসসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, নগরবাসীর চলাচল নির্বিঘ্ন রাখা, রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

অভিযানকালে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো: খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্র : বাসস