সেনাপ্রধান, জেনারেল ওয়াকার-উজ-জামান, আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ
কাউন্সিল অব দ্য কলেজ সভা সংগৃহীত

আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের (এএফএমসি) ১৯তম কাউন্সিল অব দ্য কলেজ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সেনাবাহিনী প্রধান ও কাউন্সিল অব দ্য কলেজের চেয়ারম্যান জেনারেল ওয়াকার-উজ-জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, ১৯৯৯ সালের ২০ জুন ৫৬ জন মেডিক্যাল ক্যাডেট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির মাধ্যমে এএফএমসির একাডেমিক কার্যক্রম শুরু হয়। ১৯তম কাউন্সিল সভায় কলেজটির শিক্ষার মান আরো আধুনিক, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় এএফএমসির শিক্ষার মান আধুনিকায়ন, একাডেমিক উৎকর্ষ বৃদ্ধি, সাম্প্রতিক পেশাগত পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাকে বিশেষ গুরুত্ব দেয়া হয়।

এছাড়া এএফএমসির বাজেট ও আর্থিক ব্যবস্থাপনা, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ২৯তম ব্যাচের ক্যাডেট ভর্তি কার্যক্রম, একাডেমিক ভবন ও নারী ডরমেটরির বাড়তি অংশ নির্মাণ, জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সম্প্রসারণ এবং নিজস্ব ট্রেনিং হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

ভবিষ্যৎ চাহিদার সাথে সামঞ্জস্য রেখে ক্যাডেট সংখ্যা বৃদ্ধি এবং চিকিৎসা শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়।

কাউন্সিল সভা শেষে সেনাবাহিনী প্রধান ও চেয়ারম্যান জেনারেল ওয়াকার-উজ-জামান এএফএমসির বিদ্যমান ক্লিনিক্যাল স্কিলস অ্যান্ড সিমুলেশন ল্যাবরেটরি পরিদর্শন করেন। পরে তিনি ল্যাবরেটরিটি আরো আধুনিক ও সম্প্রসারিত পরিসরে স্থানান্তরের লক্ষ্যে নির্ধারিত নতুন স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সভায় ডিজিএমএস মেজর জেনারেল কাজী মো: রশীদ-উন-নবী, অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো: হোসাইন আল মোরশেদ, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মো: মাসুদুল আলম মজুমদার এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ভিসি মেজর জেনারেল মো: মাহবুব-উল আলম উপস্থিত ছিলেন।

এছাড়া প্রতিরক্ষা, অর্থ, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কাউন্সিলের সদস্য এবং বাংলাদেশ সেনাবাহিনী, নৌ-বাহিনী ও বিমানবাহিনীর প্রতিনিধিও এতে অংশগ্রহণ করেন।