হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের
কাল থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। ফাইল ছবি
ads

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে উন্নত পারফরম্যান্সের লক্ষ্য নিয়ে আগামীকাল (সোমবার) সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

প্রথম ইনিংসে রেকর্ড ৪০০ রান করেও প্রথম টেস্টে ৯ উইকেটে হেরেছে সফরকারীরা। প্রথম টেস্টের ভেন্যু জোহানেসবার্গে এত বড় সংগ্রহ গড়ার পর কোনো দল এর আগে ম্যাচ হারেনি।

কিন্তু অনাকাঙ্খিত সেই ইতিহাসের অংশ হয়ে গেছে বাংলাদেশ। জবাবে দক্ষিণ আফ্রিকা ৫৫৭ রানের বিশাল সংগ্রহ গড়ে ১৫৭ রানের লিড নেয় এবং বাংলাদেশকে মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলে। এরপর চাপের মুখে ভেঙে পড়ে সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৮ রানে অলআউট হয় তারা। ফলে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় মাত্র ১২ রান।

দাপুটে দক্ষিণ আফ্রিকান ব্যাটিং লাইনআপের বিপক্ষে বাংলাদেশের আলোচিত পেস আক্রমণকে দিশেহারা ও ছন্দহীন মনে হয়েছে। তবে পারফরম্যান্সের চেয়েও বেশি আলোচনায় এসেছে পেসারদের ওপর অতিরিক্ত কাজের চাপ, বিশেষ করে হাসান মাহমুদের নিরলস বোলিং।

অতিরিক্ত বোলিংয়ের ধকল সামলাতে গিয়ে চোটে পড়েন হাসান, যে কারণে শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি। তার সতীর্থ পেসার তাসকিন আহমেদকেও বল পুরোনো হয়ে যাওয়ার পর ক্লান্ত মনে হয়েছে। তৃতীয় পেসার এবাদত হোসেনের নিয়ন্ত্রণহীন বোলিংয়ের কারণে এই দুই পেসারের ওপর কাজের চাপ আরো বেড়ে যায়।

একইসাথে প্রশ্ন উঠেছে, সিরিজে ছন্দে থাকা শরিফুল ইসলাম কিংবা সৈয়দ খালেদ আহমেদের মতো পেসারদের কেন বিবেচনায় নেয়নি টিম ম্যানেজমেন্ট।

এদিকে কুঁচকির চোটে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকেও হারিয়েছে বাংলাদেশ। ফলে প্রথম টেস্টের দল থেকে বেশ কিছু পরিবর্তন আনতে হবে তাদের।

সেঞ্চুরিয়ান টেস্টের প্রস্তুতি নিতে অনুশীলন শেষে বাংলাদেশের পেসার খালেদ আহমেদ বলেন, ‘আগের টেস্টে শেষ তিন দিন আমরা সত্যিই ভালো ক্রিকেট খেলেছি। তবে সম্ভবত কয়েকটি ভুলের কারণে ম্যাচটি জিততে পারিনি। তারপরও এই অভিজ্ঞতা থেকে ইতিবাচক অনেক কিছু নেয়ার চেষ্টা করছি। কোচদের বার্তা হলো, ইতিবাচক দিকগুলোতে মনোযোগ দিতে হবে এবং সামনে সেগুলোকে কাজে লাগাতে হবে।’

তিনি আরো বলেন, ‘কোচ ও অধিনায়কের বার্তা পরিষ্কার- যা হয়ে গেছে, তা নিয়ে পড়ে থাকার কোনো মানে নেই। বরং সামনে এগিয়ে ভালো ক্রিকেট খেলায় মনোযোগ দিতে হবে।’

গত ম্যাচে কী ঘটেছে, তা ভুলে আগামী টেস্টে ভালো করার ব্যাপারে দল এখনো অনুপ্রাণিত বলে জানান খালেদ।

তিনি বলেন, ‘পরিস্থিতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে সবাই। আলহামদুলিল্লাহ, অনুশীলনও বেশ ভালো হচ্ছে। ইতোমধ্যে যা ঘটে গেছে, তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো মানে নেই। কিভাবে সামনে এগিয়ে যাওয়া যায়, এখন সবাই সেদিকেই মনোযোগ দিচ্ছে।’

‘আমরা কোচের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করছি। এখানে দক্ষিণ আফ্রিকার দুজন কোচও রয়েছেন। এই কন্ডিশনের সাথে কিভাবে নিজেদের খেলার ধরন মানিয়ে নিতে পারি, তা নিয়ে তাদের সাথে কথা বলছি।’

তবে এ ধরনের কন্ডিশনে ভালো করার সক্ষমতা নিয়ে সংশয় থাকলেও বাংলাদেশের ব্যাটাররা প্রথম টেস্টে ভালোই করেছেন। বিশেষ করে ফর্মে থাকা তাওহীদ হৃদয়ের নেতৃত্বে ব্যাটিং বিভাগে আত্মবিশ্বাস বেড়েছে। দ্বিতীয় ও শেষ টেস্টের আগে যা দলকে বাড়তি সাহস জোগাচ্ছে।

দুই দলের মধ্যে আগের ১৭টি টেস্টে ১৫টিতেই হেরেছে বাংলাদেশ। বাকি দুটি ম্যাচ খারাপ আবহাওয়ার কারণে ড্র হয়েছে। ১৫টি হারের মধ্যে ৯টিতেই ইনিংস ব্যবধানে পরাজিত হয়েছে টাইগাররা।

এবারের দ্বিতীয় টেস্টে আপাতত সেই ব্যর্থতার বৃত্ত ভাঙার সুযোগ বাংলাদেশের সামনে।

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মুমিনুল হক, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ ও মাহফিজুল ইসলাম।

দক্ষিণ আফ্রিকা দল : টেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কাস অ্যাকারম্যান, ম্যাথু ব্রিটজকে, করবিন বশ, টনি ডি জর্জি, সাইমন হারমার, জুবায়ের হামজা, মার্কো জানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, এনরিখ নরকিয়া, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা ও রায়ান রিকেলটন।