দারুল আরকামের শিক্ষকরা দেশে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন

নিজস্ব প্রতিবেদক
ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক আল্লামা মুফতি মুহিব্বুল্লাহিল বাকী বলেছেন, ইসলামিক ফাউন্ডেশনের অধীনে দারুল আরকাম মাদরাসার শিক্ষক-শিক্ষিকারা সারা দেশে নিরলসভাবে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন। দীর্ঘ দিন ধরে তাদের বেতন-ভাতা বন্ধ ছিল। দারুল আরকাম মাদরাসার শিক্ষক-শিক্ষিকাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে তাদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভূক্ত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। 
গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওস্থ ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি আয়োজিত এক মতবিনিময় সভা ও অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সন্ত্রাস, দুর্নীতি, মাদক, নারী নির্যাতনসহ ‘সামাজিক সমস্যা সমাধানে দারুল আরকাম ইসলামী শিক্ষা পরিচালনা ও সুসংহতকরণ প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা ও সহায়ক কর্মীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় ইফার প্রকল্প পরিচালক মো: আনিসুজ্জামান সিকদারের সভাপতিত্বে এবং সমিতির সিনিয়র সহসভাপতি মুফতি নাজমুল হুদার সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তৃতা করেনÑ ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সিনিয়র সদস্য মাওলানা সৈয়দ মো: মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, ইফার বোর্ড সদস্য মুফতি আজাহারুল ইসলাম, ইফা বোর্ড সদস্য মুফতি শরীফ উল্লাহ। আরো বক্তৃতা করেনÑ ইফা সচিব শেখ মুর্শিদুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, ইফা পরিচালক মো: মহিউদ্দিন, বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মুফতি জয়নাল আবেদী, প্রকল্প পরিচালক এস এম তরিকুল ইসলাম ও ইসলামিক ফাউন্ডেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি এম এ বারি। 

Advertisement