
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কাওরান বাজারে মেট্রোরেল স্টেশনের নিচে এক পথচারীকে এক ব্যক্তির ছুরিকাঘাত করার ঘটনা ঘটেছে। তবে পিঠে ছুরিকাঘাতে মারাত্মক আহত ও রক্তাক্ত হওয়ার পরও সাহসিকতায় হামলাকারীকে ছেড়ে দেননি ভুক্তভোগী। রক্তাক্ত অবস্থাতেই তিনি হামলাকারীকে জাপটে ধরে মারধর শুরু করেন এবং পরবর্তীতে আশপাশের পথচারীরা এগিয়ে এসে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। গতকাল বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৩টার দিকে কাওরান বাজার মেট্রোরেল স্টেশনের ঠিক নিচে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যদর্শীরা জানান, মেট্রোরেল স্টেশনের নিচে এক ব্যক্তি আকস্মিকভাবে ওই পথচারীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। তবে অতর্কিত এই হামলার শিকার হয়েও গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী পথচারী হামলাকারীকে শক্ত হাতে ধরে ফেলেন।
ঘটনার পরপরই ধারণকৃত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তির সারা শরীর রক্তে ভেজা, জামাকাপড় ছেঁড়া এবং পিঠে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে। ওই রক্তাক্ত অবস্থাতেই তিনি জিনসের প্যান্ট পরা অভিযুক্ত ব্যক্তিকে চেপে ধরে কিল-ঘুসি মারছেন। এ সময় আশপাশে থাকা আরো দুই থেকে তিন জন পথচারী এগিয়ে এসে তাকে ‘ছিনতাইকারী’ বলে মারধর করতে থাকেন এবং পুলিশে খবর দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে নেয় এবং ছুরিকাঘাতের শিকার ভুক্তভোগী পথচারীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। ওসি আরো জানান, আটককৃত ব্যক্তি মূলত একজন মাদকসেবী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ওই পথচারীকে সে ছুরিকাঘাত করে। পরবর্তীতে ভুক্তভোগীসহ উপস্থিত অন্য পথচারীরা মিলে তাকে মারধর করে পুলিশে দেয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








