সাবেক আইনমন্ত্রী আনিসুলের অস্ত্র মামলার শুনানি পিছিয়ে ২৬ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বনানী থানার অস্ত্র আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৬ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৪ এর ভারপ্রাপ্ত বিচারক এই নতুন দিন ধার্য করেন। শুনানি উপলে এ দিন আনিসুল হককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল।
আদালত সূত্রে জানা যায়, গতকাল মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য দিন নির্ধারিত ছিল। তবে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৪ এর মূল বিচারক মঈন উদ্দিন চৌধুরী ছুটিতে থাকায় আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজ শুনানির জন্য আগামী ২৬ অক্টোবর পরবর্তী দিন ধার্য করেন। 
মামলার এজাহার ও অভিযোগপত্র থেকে জানা যায়, আনিসুল হক বনানী থানার অধীনে নিজের নামে লাইসেন্সপ্রাপ্ত একটি পিস্তলের মালিক ছিলেন। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য দেয়া সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে। একই সাথে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে স্থগিতকৃত সব অস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়। 
তবে অভিযোগ উঠে যে, আনিসুল হক ২০২৫ সালের ৫ মে পর্যন্ত তার লাইসেন্সকৃত অস্ত্রটি থানায় জমা দেননি এবং এ বিষয়ে থানা কর্তৃপকে কোনো তথ্য জানাননি। পরবর্তীতে পুলিশ তার দেয়া ঠিকানায় গিয়েও কাউকে পায়নি এবং অস্ত্র জমার বিষয়ে কোনো তথ্য উদ্ধার করতে পারেনি। এমনকি তিনি কোনো গুলি কিনেছেন কি না, তদন্তে সে সংক্রান্ত কোনো তথ্যও মেলেনি। নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা না দিয়ে নিজের কাছে রাখার মাধ্যমে তিনি ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়।

Advertisement