
উত্তরবঙ্গে কৃষিভিত্তিক আঞ্চলিক হাব সৃষ্টির লক্ষে উদ্যোক্তা ও অংশীজনদের অংশগ্রহণে নাটোরে টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে নাটোর শহরের একটি রেস্তোঁরায় বাংলাদেশ ব্যাংকের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রাইম ব্যাংকের রাজশাহী আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট আব্দুল হালিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অঞ্চলের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জান্নাত আরা ফেরদৌস, বাংলাদেশ ব্যাংক রাজশাহী অঞ্চলের পরিচালক নাজিম উদ্দিন, পূবালী ব্যাংকের মহাপরিচালক চৌধুরি আব্দুল ওয়াহীদসহ বিভিন্ন ব্যাংকের নাটোর শাখার কর্মকর্তা, উদ্যোক্তা ও অংশীজনরা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মুহম্মদ বদিউজ্জামান দিদার বলেন, ‘বাংলাদেশ ব্যাংক উত্তরবঙ্গে কৃষিভিত্তিক আঞ্চলিক হাব সৃষ্টির বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। যাদেরকে এই খাতে ঋণ দেয়া হবে, তারা যেন এর সঠিক ব্যবহার করে। এজন্য প্রয়োজন ব্যাপক প্রচার-প্রচারণা। এই ঋণ পেতে কোনো ঝামেলা নেই। যেকোনো উদ্যোক্তা এই ঋণ গ্রহণ করতে পারবেন।’
সভাপতির বক্তব্যে আব্দুল হালিম বলেন, ‘সারাদেশে ১০ হাজার কোটি টাকা পূনঃঋণ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গে তিন হাজার কোটি টাকা পূনঃঅর্থায়ন করা হবে। এই অর্থ কৃষিকাজে নিয়োজিত ব্যক্তি, কৃষিপণ্য সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ, উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণকারী ব্যবসায়ী ও উদ্যোক্তারা পাবেন।’
এই ঋণ প্রদান করতে বাংলাদেশ ব্যাংকের সাথে সারাদেশের মোট ৩৯টি ব্যাংক চুক্তিবদ্ধ হয়েছে। শতকরা সাত শতাংশ লভ্যাংশ নিয়ে কোনো জামানত ছাড়াই এক্ষেত্রে তারা পাঁচ লাখ টাকা ঋণ দেবেন।
সভা শেষে ঋণ গ্রহিতাদের মাঝে চেক বিতরণ করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








