
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছত্রাকবিজ্ঞান, জীবপ্রযুক্তি ও পরিবেশের টেকসই ব্যবস্থাপনা নিয়ে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে বিভাগের ৩৪৪ নম্বর কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বিভাগের সভাপতি প্রফেসর ড. মো: আবু হেনা মোস্তফা জামালের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো: এমতাজ হোসেন। প্রধান আলোচক ছিলেন চীনের বেইজিং ফরেস্ট্রি ইউনিভার্সিটির স্কুল অব ইকোলজি অ্যান্ড নেচার কনজারভেশনের প্রফেসর ড. হে শুয়াংহুই। বিশেষ বক্তা ছিলেন চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের ইনস্টিটিউট অব মাইক্রোবায়োলজির সহযোগী প্রফেসর ড. লিউ শি-লিয়াং।
সেমিনারে ছত্রাকবিজ্ঞান, জীবপ্রযুক্তির নতুন উদ্ভাবন এবং পরিবেশ সংরক্ষণে গবেষণার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পরে বিভাগের করিডোরে শিক্ষার্থীরা নিজেদের গবেষণার বিষয়বস্তু, উদ্দেশ্য ও ফলাফল পোস্টারের মাধ্যমে তুলে ধরেন।
প্রধান আলোচক ড. হে শুয়াংহুই বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দেখে তারা সন্তুষ্ট। শিক্ষার্থীদের পোস্টার উপস্থাপনাও ভালো হয়েছে। বায়োটেকনোলজিতে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে চীন সরকার ও দেশটির বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের সরকারের সাথে কাজ করছে। ইবির শিক্ষার্থীরা চীনে উচ্চশিক্ষা নিতে চাইলে তাদের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভিসি প্রফেসর ড. এমতাজ হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানো এবং গবেষণায় আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। এখান থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে শিক্ষার্থীরা ভবিষ্যতে বিশ্বপরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের সুনাম বাড়াবেন বলে আমি বিশ্বাস করি।’
প্রো-ভিসি বলেন, ‘সেমিনারে শুধু হাততালি দিয়ে বক্তাদের উৎসাহিত করাই মূল উদ্দেশ্য নয়। এখান থেকে জ্ঞান অর্জন করতে হবে, বিশেষজ্ঞদের অভিজ্ঞতা শুনতে হবে এবং নিজেদের অভিজ্ঞতা বিনিময় করতে হবে।’
প্রফেসর ড. সুধাংশু কুমার বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো: ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. আতিকুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বাবলি সাবিনা আযহার, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো: রেজাউল ইসলাম ও প্রফেসর ড. মো: রেজওয়ানুল ইসলাম।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








