ফার্স্টলিড সিকিউরিটিজের ১০ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক 

গ্রাহকের প্রায় সাড়ে ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদিত ব্রোকারেজ হাউজ ফার্স্টলিড সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ও এমডিসহ শীর্ষ ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বৃহস্পতিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে উপপরিচালক মো: মুস্তাফিজুর রহমান বাদি হয়ে মামলাটি দায়ের করেন বলে জানা গেছে। 
মামলায় ফার্স্টলিড সিকিউরিটিজের মতিঝিল শাখাসহ বিভিন্ন শাখার গ্রাহকদের শেয়ার কেনার জন্য জমা করা ১৯ কোটি ৫৫ লাখ ৬০ হাজার ৪৮০ টাকা  আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। 
আসামিরা হলেনÑ ফার্স্টলিড সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান আবু তাহের মোহাম্মদ শোয়েব, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ঝুনু চৌধুরী, নির্বাহী পরিচালক মুহিতুল বারী রহমান, প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ আমান উল্লাহ, ইনচার্জ এহতেশামুল হক, পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনসুরুজ্জামান, রুমেল মোহাম্মদ সাইফুর রহমান পীর, আ ফ ম  আনোয়ারুল আম্বিয়া চৌধুরী, আব্দুর রাকিব শিকদার এবং পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান। 
দুদক এজাহার সূত্রে জানা যায়, গ্রাহকদের কাছ থেকে শেয়ার কেনার নামে জমা নেয়া অর্থ যথাযথভাবে শেয়ার কেনায় ব্যবহার করা হয়নি। বরং গ্রাহকদের পোর্টফোলিওতে থাকা অর্থ অনুমোদন ছাড়া স্থানান্তর করে আত্মসাৎ করা হয়েছে। এ ছাড়া অর্থ স্থানান্তরের সময় জাল স্বার ও জাল দলিল ব্যবহার এবং হিসাব নথিপত্রে মিথ্যা তথ্য প্রদর্শনের অভিযোগও আনা হয়েছে। গত ৩০ জুন তারিখের শেয়ারমূল্য বিবেচনায় নিয়ে আত্মসাতের অর্থের পরিমাণ নির্ধারণ করা হয়। 
দুদকের নথিতে বলছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা উপো করে গ্রাহকদের অর্থ অনুমোদন ছাড়া স্থানান্তর করা হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ১৭ জুলাই পরিচালিত তদন্তেও ফার্স্টলিড সিকিউরিটিজের মতিঝিল শাখায় এ ধরনের অনিয়মের প্রমাণ পেয়েছে।